অংশ: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটযন্ত্রে সমস্যা, কয়েকটি এলাকায় ভোট গণনায় দেরি
মধ্যবর্তী নির্বাচনে কয়েকটি এলাকায় ভোটযন্ত্রের সমস্যায় ভোগান্তিতে পড়েছেন ভোটাররা। কোথাও ভোট গণনায় দেরি, কোথাও আবার বদলাতে হয়েছে ভোটকেন্দ্র।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কয়েকটি এলাকায় ভোটগ্রহণ ও ভোট গণনার কাজে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে ভোট গণনার যন্ত্র কাগজের ব্যালট গ্রহণ করতে না পারায় গণনার কাজ ব্যাহত হয়। এ ছাড়া ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলাইনায়ও ভোটকেন্দ্রে বিভিন্ন সমস্যার খবর পাওয়া গেছে। এসব ঘটনার কারণে কোথাও ভোট দিতে দেরি হয়েছে, আবার কোথাও ভোট গণনার কাজ পিছিয়ে গেছে।
সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির ঘটনা। সেখানে নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রগুলোতে থাকা যন্ত্র কাগজের ব্যালট গ্রহণ করতে পারছিল না। ফলে ভোটাররা ভোট দেওয়ার পর তাঁদের ব্যালট স্বাভাবিক নিয়মে যন্ত্রের মাধ্যমে গণনা করা সম্ভব হচ্ছিল না।
কাউন্টির কর্মকর্তারা জানান, ভোটের যন্ত্র প্রস্তুত ও পরীক্ষা করার পর নির্বাচনের ব্যালটের প্রোগ্রামে পরিবর্তন আনা হয়েছিল। সেই পরিবর্তনের সঙ্গে যন্ত্রের আগের ব্যবস্থার মিল না থাকায় সমস্যা তৈরি হয়। পরে ভোটারদের দেওয়া ব্যালট কমলা রঙের বিশেষ নিরাপদ ব্যাগে রাখার ব্যবস্থা করা হয়। এসব ব্যালট নিরাপদে সংরক্ষণ করে পরে গণনা করার কথা জানান কর্মকর্তারা।
ওয়েস্টচেস্টার কাউন্টির নির্বাহী কর্মকর্তা কেন জেনকিনস বলেন, ভোটারদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তাঁদের দেওয়া প্রতিটি ভোট গণনা করা হবে। এ ঘটনায় কীভাবে সমস্যা তৈরি হলো, তা খতিয়ে দেখতে দুই দলের প্রতিনিধিদের নিয়ে তদন্তের কথাও জানান তিনি। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয়ও পরিস্থিতির ওপর নজর রাখছিল।
অন্যদিকে ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টির কয়েকটি ভোটকেন্দ্রেও প্রযুক্তিগত সমস্যার কারণে ভোটগ্রহণে দেরি হয়। নতুন একটি নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় ভোটারদের অপেক্ষা করতে হয়েছিল। নির্বাচনী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভোট শুরুর পর প্রায় ২০ মিনিট এই সমস্যা ছিল। পরে সেটি ঠিক করা হয়। তবে অপেক্ষা করতে গিয়ে কিছু ভোটার ভোট না দিয়েই কেন্দ্র ছেড়ে চলে যান। তাঁদের আবার ফিরে এসে ভোট দেওয়ার আহ্বান জানান স্থানীয় নির্বাচনী কর্মকর্তা।
পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলাইনাতেও কয়েকটি ভোটকেন্দ্রে প্রযুক্তিগত সমস্যার কারণে ভোটগ্রহণে দেরি হয়। পরিস্থিতি সামাল দিতে পেনসিলভানিয়ার তিনটি এবং নর্থ ক্যারোলাইনার পাঁচটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার সময় বাড়ানো হয়।
শুধু যন্ত্রের সমস্যাই নয়, খারাপ আবহাওয়াও কয়েকটি এলাকায় ভোটারদের ভোগান্তির কারণ হয়েছে। ফ্লোরিডার আটটি কাউন্টিতে ভারী বৃষ্টি ও বন্যার কারণে কিছু ভোটকেন্দ্র পরিবর্তন করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকাতেও বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে ভোটারদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হয়। কোথাও কোথাও বিকল্প ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হয়।
এসব সমস্যার মধ্যেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভোটগ্রহণ চলেছে। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবস্থা ব্যবহার করে ভোটারদের দেওয়া ব্যালট নিরাপদে রাখা এবং গণনা করার ব্যবস্থা রয়েছে। তাই যন্ত্রে সমস্যা দেখা দিলেই কোনো ভোট বাতিল হয়ে গেছে, এমন নয়।
এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নিয়েও ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ রয়েছে। এই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। তবে সব আসনের ফল একই সময়ে জানা নাও যেতে পারে। বিশেষ করে যেসব আসনে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান কম, সেসব আসনে ডাকযোগে আসা ব্যালট যাচাই ও গণনার কারণে ফল প্রকাশে সময় লাগতে পারে।
নির্বাচনী বিশেষজ্ঞদের মতে, ভোট শেষ হওয়ার রাতেই সব ভোট গণনা শেষ করা সব সময় সম্ভব হয় না। বিভিন্ন অঙ্গরাজ্যে ডাকযোগে দেওয়া ভোট যাচাইয়ের নিয়ম আলাদা। কোথাও ভোটের কাগজ আগে থেকেই যাচাই করা গেলেও নির্বাচনের দিন শেষ হওয়ার আগে সেগুলো গণনা করা যায় না। ফলে কিছু আসনের ফল জানতে কয়েক দিনও লেগে যেতে পারে।
তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কয়েকটি এলাকায় যন্ত্র ও আবহাওয়াজনিত সমস্যা দেখা দিলেও দেশজুড়ে ভোটগ্রহণে বড় ধরনের অচলাবস্থার খবর পাওয়া যায়নি। ভোটের যন্ত্রে ত্রুটি, বিকল্প ব্যবস্থায় ব্যালট সংরক্ষণ এবং গণনার কাজ কত দ্রুত শেষ হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

ভোটের দিনও আদালতে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন, আটকে গেল ভোট নিয়ে সিদ্ধান্ত

গুয়ামের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এগিয়ে, অভিনন্দন জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ব্যয়, ইলন মাস্কের অনুদান ৪৭ কোটি ডলার ছাড়াল



মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।