গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত যুবক তৌফিক মারা গেছেন।
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তোফিক শেখ (২১)
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তোফিক শেখ (২১)। আন্দোলন চলাকালে হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গিয়ে হামলাকারীদের মারধরে গুরুতর আহত হয়েছিলেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুরের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সকাল ১০টার দিকে বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফিক।
নিহত তোফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। প্রায় পাঁচ বছর ধরে তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করছিলেন। বাবার মৃত্যুর পর পরিবারের জীবিকার তাগিদে এক বন্ধুর মাধ্যমে স্থানীয় লায়লা গার্মেন্টসে চাকরি নেন তিনি।
স্বজনেরা জানান, সোমবার শ্রমিকদের আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তোফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি।
পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
তোফিকের চাচা বাচ্চু মিয়া জানান, পাঁচ বছর ধরে বাংলাবাজার এলাকায় বসবাস করছিলেন তোফিক। বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট কাটাতে গার্মেন্টসে চাকরি নেন তিনি। শ্রমিক আন্দোলনে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তোফিকের স্কুলশিক্ষক প্রদীপ কুমার জানান, বাবার মৃত্যুর পর পরিবারের অভাব ঘোচাতে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন তোফিক। হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর পাওয়ার পর মঙ্গলবার সকালে আইসিইউতে তার মৃত্যুর খবর পান তারা।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।