প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ওয়াশিংটনে অপরাধের হার কমেছে প্রায় ৯০ শতাংশ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অপরাধ কমার দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অপরাধ পরিস্থিতির বড় পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, একসময় দেশের অন্যতম অনিরাপদ শহর হিসেবে পরিচিত ওয়াশিংটন এখন দেশের নিরাপদ শহরগুলোর একটি। শহরটিতে অপরাধ প্রায় ৯০ শতাংশ কমেছে বলেও জানিয়েছেন তিনি।
ট্রাম্প আরও বলেছেন, অপরাধ কমানোর এই হার ভবিষ্যতে প্রায় ১০০ শতাংশে পৌঁছাতে পারে। পাশাপাশি শহরের সৌন্দর্য বাড়াতে ৮৩টি ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ পরিষ্কার এবং ২২টি পানির ফোয়ারা মেরামতের কাজের কথাও তুলে ধরেছেন তিনি। তবে অপরাধ কমার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সরকারি পরিসংখ্যানের পুরোপুরি মিল পাওয়া যাচ্ছে না। ওয়াশিংটন ডিসির পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ অক্টোবর পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় শহরে মোট অপরাধ কমেছে ১১ শতাংশ। তবে একই সময়ে সহিংস অপরাধ বেড়েছে ১২ শতাংশ। বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার ঘটনা বেড়েছে ৩৯ শতাংশ। অন্যদিকে হত্যাকাণ্ড কমেছে ২৫ শতাংশ এবং গাড়ি চুরির ঘটনা কমেছে ৪১ শতাংশ।
শহরে কিছু অপরাধ উল্লেখযোগ্যভাবে কমলেও সব ধরনের অপরাধ কমেনি। বিশেষ করে সহিংস অপরাধের সংখ্যা বেড়েছে। তাই সামগ্রিক অপরাধ প্রায় ৯০ শতাংশ কমেছে বলে ট্রাম্পের দাবি পুলিশের প্রকাশিত সাম্প্রতিক হিসাব দিয়ে নিশ্চিত করা যাচ্ছে না। এর আগে ২০২৫ সালের ১১ আগস্ট ওয়াশিংটন ডিসিতে অপরাধ নিয়ন্ত্রণে ফেডারেল সরকারের বিশেষ অভিযান শুরু করেন ট্রাম্প প্রশাসন। এ সময় শহরে অতিরিক্ত কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। পরবর্তী সময়ে অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়।
২০২৬ সালের আগস্টে হোয়াইট হাউস জানায়, এই অভিযানের এক বছরে শহরে হত্যাকাণ্ড ৪৫ শতাংশ, গাড়ি ছিনতাই ৬৪ শতাংশ এবং ডাকাতি ৩৩ শতাংশ কমেছে। তবে এগুলো সরকারের প্রকাশিত হিসাব; অপরাধ কমার পেছনে শুধু এই অভিযানের প্রভাব কতটা, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে। ওয়াশিংটন ডিসিতে কিছু গুরুত্বপূর্ণ অপরাধ কমার প্রমাণ থাকলেও শহরটি দেশের অন্যতম নিরাপদ শহরে পরিণত হয়েছে কিংবা অপরাধ প্রায় ৯০ শতাংশ কমেছে—এমন সিদ্ধান্ত নেওয়ার মতো প্রমাণ পাওয়া যায়নি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।