যুক্তরাষ্ট্রের নেভাদায় থাকার অনুমতি থাকা সত্ত্বেও আটক হচ্ছেন বিদেশি নাগরিকরা
যুক্তরাষ্ট্রের নেভাদায় অভিবাসন সুরক্ষা থাকা সত্ত্বেও কয়েকজনকে আটক করেছে আইসিই। ঘটনা ঘিরে নতুন করে আইনি প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে সাময়িক অভিবাসন সুরক্ষা থাকা সত্ত্বেও কয়েকজন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই। আটক ব্যক্তিদের মধ্যে এমন অভিবাসীও রয়েছেন, যাঁরা নিজেদের সুরক্ষার মেয়াদ বাড়ানোর আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। এসব ঘটনা নিয়ে অভিবাসন আইনজীবী, মানবাধিকারকর্মী ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সাম্প্রতিক এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যম দ্য নেভাদা ইনডিপেনডেন্ট জানিয়েছে, নেভাদায় গত কয়েক মাসে সাময়িক সুরক্ষাপ্রাপ্ত একাধিক অভিবাসীকে আটক করা হয়েছে। তাঁদের কয়েকজনকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে। আইনজীবী ও অভিবাসন অধিকারকর্মীদের অভিযোগ, সুরক্ষার মেয়াদ নবায়নের আবেদন প্রক্রিয়াধীন থাকা কিংবা প্রশাসনিক জটিলতার কারণে কিছু অভিবাসীকে আটক করা হচ্ছে।
লুসিও আলেকজান্ডার বার্নাল মুনোজ নামের এক ব্যক্তির ঘটনা তুলে ধরা হয়েছে। তিনি এল সালভাদর থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং কয়েক দশক ধরে লাস ভেগাসে বসবাস করছেন। আদালতের নথি অনুযায়ী, গত এপ্রিলে মাদক রাখার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর তাঁকে আইসিই আটক করে। কর্তৃপক্ষের দাবি ছিল, তাঁর বৈধ ভিসা নেই এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তবে আটকের সময় মুনোজ তাঁর সাময়িক সুরক্ষার মেয়াদ নবায়নের অপেক্ষায় ছিলেন। তাঁর আইনজীবী মেলিসা কোরাল বলেছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরুর যে ভিত্তি দেখানো হয়েছে, তা সঠিক নয়।
শুধু মুনোজ নন, নেভাদায় আরও কয়েকজন সাময়িক সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীকে আটক করার ঘটনা সামনে এসেছে। গত জুনে রেনো শহরে হাইতির এক নাগরিককে আইসিই আটক করে। এর প্রায় এক মাস পর হাইতির নাগরিকদের জন্য সাময়িক সুরক্ষা কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়। এ ছাড়া ইউটাহর এক সাময়িক সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীকে তাঁর ভাইয়ের সঙ্গে ভুল পরিচয়ের কারণে নেভাদার একটি অভিবাসন আটককেন্দ্রে রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাময়িক সুরক্ষা কর্মসূচি বা টিপিএস এমন একটি ব্যবস্থা, যার আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকেরা নিজ দেশে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য বিপজ্জনক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বসবাস ও কাজের অনুমতি পেতে পারেন। এই সুরক্ষা সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয় এবং পরিস্থিতি ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তা নবায়ন করা হতে পারে।
তবে এই কর্মসূচি স্থায়ী বসবাস বা গ্রিনকার্ড পাওয়ার নিশ্চয়তা দেয় না। আবার কোনো ব্যক্তির বিরুদ্ধে আলাদা অপরাধের অভিযোগ থাকলে সেটিও তাঁর অভিবাসন পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। নেভাদার অভিবাসী অধিকারকর্মীদের দাবি, সাময়িক সুরক্ষার আবেদন নবায়নের অপেক্ষায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও আইনের সঠিক ব্যাখ্যা অনুসরণ করা জরুরি। তাঁদের অভিযোগ, প্রশাসনিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষার সময়টিকে অনেক ক্ষেত্রে অভিবাসীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
নেভাদার শ্রমিক সংগঠন কুলিনারি ওয়ার্কার্স ইউনিয়নের কর্মকর্তা টেড পাপাজর্জ জানিয়েছেন, তাঁদের সংগঠনের কয়েকজন সদস্য, যাঁরা টিপিএসের আওতায় রয়েছেন, গত এক বছরে আইসিইর হাতে আটক হয়েছেন অথবা হয়রানির শিকার হয়েছেন। সংগঠনটির সদস্যদের মধ্যে এল সালভাদরের কয়েক হাজার নাগরিক রয়েছেন, যাঁদের অনেকে এই কর্মসূচির ওপর নির্ভরশীল।নেভাদায় এল সালভাদরের প্রায় পাঁচ হাজার নাগরিক টিপিএস সুবিধার আওতায় রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের সুরক্ষা কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
ইউনিভার্সিটি অব নেভাদা, লাস ভেগাসের অভিবাসন আইনবিষয়ক ক্লিনিকের পরিচালক মাইকেল কাগান বলেছেন, সাময়িক অভিবাসন সুরক্ষা থাকা ব্যক্তিদের আটক করার ক্ষেত্রে আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নবায়নের আবেদন জমা দেওয়ার পর সরকারি সিদ্ধান্ত পেতে দেরি হলে অনেকেই এমন পরিস্থিতিতে পড়েন, যেখানে তাঁরা নিজেদের দিক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও সুরক্ষা নিয়ে অনিশ্চয়তায় থাকেন।
এদিকে নেভাদার একটি ফেডারেল আদালতের সাম্প্রতিক আদেশেও টিপিএস থাকা অবস্থায় একজন অভিবাসীকে আটকের বিষয়টি গুরুত্ব পেয়েছে। হাইতির নাগরিক উডি গাহিতিকে ২০২৬ সালের জুনে আইসিই আটক করেছিল। তাঁর টিপিএস সুবিধা তখন কার্যকর ছিল। পরে আদালত তাঁর আটককে আইনসম্মত নয় বলে উল্লেখ করে মুক্তির নির্দেশ দেয়। আদালত জানায়, বৈধ টিপিএস থাকা অবস্থায় শুধু অভিবাসন অবস্থানের ভিত্তিতে তাঁকে আটক করার যথাযথ আইনি ক্ষমতা সরকার দেখাতে পারেনি। আদালত আরও নির্দেশ দেয়, নির্দিষ্ট শর্ত পূরণ করে ব্যক্তিগত শুনানির সুযোগ না দিয়ে তাঁকে পুনরায় আটক করা যাবে না। তবে এই আদালতের আদেশ একজন নির্দিষ্ট ব্যক্তির মামলার জন্য দেওয়া হয়েছে। নেভাদায় আটক হওয়া সব অভিবাসীর ক্ষেত্রে একই সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে, এমন নয়।
নেভাদার ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে সাময়িক অভিবাসন সুরক্ষা কর্মসূচির ভবিষ্যৎ এবং এর আওতায় থাকা মানুষের আইনি অধিকার নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। অভিবাসন আইনজীবীরা বলছেন, সুরক্ষার আবেদন নবায়নের অপেক্ষায় থাকা ব্যক্তিদেরও তাঁদের আইনি অবস্থান ও অধিকার যথাযথভাবে যাচাই করার সুযোগ পাওয়া প্রয়োজন।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।