নিউ মেক্সিকোতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিরোধ, ১০ বছরের শিশুর গুলিতে কিশোরী নিহত
উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কে গুলিতে প্রাণ হারিয়েছে এক কিশোরী।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কে প্রতিবেশীদের মধ্যে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিরোধের জেরে প্রাণ হারিয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। পুলিশের অভিযোগ, বিরোধের একপর্যায়ে ১০ বছর বয়সী এক শিশু তার মায়ের আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালালে কিশোরী কেইনারলেইন র্যাঙ্গেল নিহত হয়। এ ঘটনায় শিশুটির ৪০ বছর বয়সী মা এলাইনা গোমেজ-ভিলেদার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
পুলিশের নথি অনুযায়ী, ঘটনার সূত্রপাত প্রতিবেশীদের মধ্যে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিরোধ থেকে। শিশুটির মা এলাইনা গোমেজ-ভিলেদা পাশের বাসার বাসিন্দাদের কাছে গিয়ে গান কমানোর কথা বলেন। কিছুক্ষণ পর বিরোধ আবার শুরু হয়। ওই সময় নিহত কিশোরী তার মায়ের সঙ্গে বাড়ির বাইরে নিরাপত্তা ক্যামেরা স্থাপনের কাজ করছিল।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে দুই পক্ষের মধ্যে শারীরিক সংঘর্ষ শুরু হয়। কিশোরী কেইনারলেইন পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে পুলিশকে জানিয়েছেন তার মা।
পুলিশের অভিযোগ, সংঘর্ষের মধ্যে ১০ বছর বয়সী শিশুটি প্রথমে পরিস্থিতি থামানোর চেষ্টা করে। পরে তার মা তাকে ঘরের ভেতরে গিয়ে একটি পিস্তল নিয়ে আসতে বলেন। শিশুটি অস্ত্র নিয়ে বাইরে ফিরে এসে গুলি চালায়। গুলিতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় কিশোরী কেইনারলেইন।
ঘটনার পর শিশুটির মা তাকে নিয়ে অ্যাপার্টমেন্টের ভেতরে চলে যান। পরে স্বামীকে বার্তা পাঠিয়ে তিনি লেখেন, সম্ভবত তাকে এখন কারাগারে যেতে হবে। এরপর তিনি জরুরি নম্বর ৯১১-এ ফোন করেন।
পুলিশের নথিতে আরও বলা হয়েছে, গুলির ঘটনার পর নিহত কিশোরীর বাবা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মায়ের অ্যাপার্টমেন্টের দরজা খোলার চেষ্টা করেন। এ সময় জানালাও ক্ষতিগ্রস্ত হয়। শিশুটির মা দাবি করেন, ওই ব্যক্তিকে সরিয়ে দিতে তিনি অস্ত্র দিয়ে গুলি চালিয়েছিলেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর অ্যাপার্টমেন্টের ভেতর থেকে গুলির শব্দ শুনতে পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কর্মকর্তারা নিরাপদ অবস্থান নেন। পরে কয়েকজন বাইরে বেরিয়ে আসেন। শিশুটির মা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাইরে এলে একজন পুলিশ কর্মকর্তা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে সেই গুলি তার গায়ে লাগেনি, ভবনের একটি স্তম্ভে আঘাত করে। পরে তিনি অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করেন।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।