আর্লিংটন সেনা কবরস্থানের কাছে ট্রাম্পের বিশাল তোরণ নির্মাণ ১৪ দিনের জন্য বন্ধ করল আদালত
আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের কাছে ২৫০ ফুট উঁচু বিশাল তোরণ নির্মাণ করতে চেয়েছিলেন ট্রাম্প। তবে আদালতের নির্দেশে আপাতত ১৪ দিনের জন্য বন্ধ থাকছে নির্মাণকাজ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশাল তোরণ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন আদালত। গত ৬ নভেম্বর শুক্রবার ফেডারেল আদালতের বিচারক তানিয়া চুটকান আগামী ১৪ দিনের জন্য নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এর কয়েক ঘণ্টা আগেই সরকারি একটি পরিকল্পনা কমিশন প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দিয়েছিল।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২৫০ ফুট উঁচু এই তোরণ নির্মাণের কথা রয়েছে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সীমান্তবর্তী মেমোরিয়াল সার্কেল এলাকায়। এটি লিংকন মেমোরিয়াল ও আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের মাঝামাঝি সড়কসংলগ্ন স্থানে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই তোরণ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার দীর্ঘ প্রায় নয় ঘণ্টার শুনানি শেষে ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশন ৮-৪ ভোটে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়। এর পরপরই আদালত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এর ফলে প্রশাসন তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ শুরু করতে পারছে না।
ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কর্মকর্তারা এই নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। তাঁদের অভিযোগ, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এত বড় স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নির্মাণকাজ শুরু হলে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হতে পারে এবং জরুরি উদ্ধারকাজ পরিচালনায় সমস্যা তৈরি হতে পারে।
মামলায় আরও বলা হয়েছে, নির্মাণকাজের কারণে দুই এলাকার সরকারকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে। যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক ঘুরিয়ে দেওয়া এবং বিভিন্ন জরুরি পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনের ওপর বাড়তি চাপ পড়বে।
এর আগে ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া তিনজন সাবেক সেনাসদস্য এবং একজন ঐতিহাসিক স্থাপত্য বিশেষজ্ঞও এই প্রকল্পের বিরুদ্ধে মামলা করেছিলেন। তাঁদের আশঙ্কা, বিশাল তোরণটি নির্মিত হলে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের ঐতিহাসিক দৃশ্য আড়াল হয়ে যাবে। সেখানে সমাহিত হাজার হাজার সেনাসদস্যের স্মৃতির প্রতি যথাযথ সম্মান বজায় রাখার বিষয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিচারক তানিয়া চুটকান তাঁর আদেশে বলেছেন, নির্মাণকাজ দ্রুত শুরু হলে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ার ওপর বাস্তব ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে যান চলাচল ও জরুরি সেবা পরিচালনায় সমস্যা তৈরি হতে পারে। তাই মামলার বিষয়গুলো আরও বিবেচনার জন্য আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা প্রয়োজন।
অন্যদিকে ট্রাম্প প্রশাসন এই তোরণ নির্মাণের পক্ষে অবস্থান নিয়েছে। প্রশাসনের দাবি, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাস, স্বাধীনতা এবং সেনাসদস্যদের সম্মান জানানোর একটি স্মারক হিসেবে কাজ করবে।
আদালতের এই নির্দেশ স্থায়ী নিষেধাজ্ঞা নয়। আগামী ১৪ দিনের মধ্যে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া ও নির্মাণের বৈধতা নিয়ে আরও আলোচনা হবে। ফলে শেষ পর্যন্ত ট্রাম্পের পরিকল্পিত এই বিশাল তোরণ নির্মিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।