ঋণের মামলা নিয়ে রাগ, সিটিব্যাংকের কার্যালয়ে ঢুকে গুলি করে নারী কর্মীকে হত্যা
ক্রেডিট কার্ডের ঋণ নিয়ে আদালতের শুনানিতে ক্ষুব্ধ হয়ে ফ্লোরিডায় সিটিব্যাংকের কার্যালয়ে হামলা চালান এক ব্যক্তি। তাঁর গুলিতে প্রাণ হারিয়েছেন ৪১ বছর বয়সী এক নারী কর্মী। পরে নিরাপত্তাকর্মীর গুলিতে হামলাকারীও নিহত হন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঋণের মামলা নিয়ে ক্ষোভ থেকে সিটিব্যাংকের কার্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে লিয়ান সেলম্যান নামের ৪১ বছর বয়সী এক নারী কর্মী নিহত হয়েছেন। পরে নিরাপত্তাকর্মীর গুলিতে হামলাকারীও নিহত হন। গত ৪ নভেম্বর বুধবার টাম্পা শহরের কাছে ব্র্যান্ডন এলাকায় ব্যাংকটির বড় কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারীর নাম জ্যাকব পিয়ারসন। তাঁর বয়স ৩৫ বছর। তিনি অরল্যান্ডো শহরের বাসিন্দা ছিলেন। নিজের ক্রেডিট কার্ডের প্রায় ২ হাজার ৫৫৬ ডলার ঋণ নিয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। এ ঋণ আদায়ের বিষয়ে আদালতে একটি শুনানির তারিখ নির্ধারিত ছিল।
হিলসবোরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, হামলার প্রায় তিন ঘণ্টা আগে পিয়ারসন ঋণ আদায়ের দায়িত্বে থাকা একটি আইনজীবী প্রতিষ্ঠানে ফোন করেন। এ সময় তিনি আদালতের শুনানি বাতিল না করলে অস্ত্র নিয়ে হামলা চালানোর হুমকি দেন। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যাংকের নিরাপত্তাকর্মীদের সতর্ক করে। পুলিশকেও বিষয়টি জানানো হয়।
এরপর পিয়ারসন অরল্যান্ডো থেকে গাড়ি চালিয়ে প্রায় ১৪৪ কিলোমিটার দূরে ব্র্যান্ডনে সিটিব্যাংকের কার্যালয়ে পৌঁছান। সেখানে নিরাপত্তাবেষ্টনী ভেঙে গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর একটি রাইফেল নিয়ে কর্মীদের ওপর গুলি চালান। এ সময় প্রথম যাঁর সামনে পড়েন, সেই নারী কর্মী লিয়ান সেলম্যানকে লক্ষ্য করে গুলি করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সেলম্যানকে গুলি করার পর হামলাকারীর রাইফেলে সমস্যা দেখা দেয়। এরপর তিনি গাড়ি থেকে আরেকটি পিস্তল নিয়ে ফিরে এসে ওই নারীকে আবার গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সেলম্যান প্রায় নয় বছর ধরে সিটিব্যাংকের মানবসম্পদ বিভাগে কাজ করছিলেন। হামলাকারীর সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বিরোধ বা পরিচয়ের তথ্য পাওয়া যায়নি।
গুলির শব্দ শুনে ব্যাংকের একজন নিরাপত্তাকর্মী নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে তিনি হামলাকারীর মুখোমুখি হন এবং তাঁকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালান। এতে পিয়ারসন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় ব্যাংকের কার্যালয় প্রাঙ্গণে তিন হাজারের বেশি কর্মী ছিলেন বলে জানা গেছে। হামলার পর আরও কয়েকজন অসুস্থতা ও আতঙ্কের কারণে চিকিৎসা নেন। তবে তাঁদের কারও গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।
হিলসবোরো কাউন্টির শেরিফ জানান, হামলাকারীর কাছে প্রায় ৯০টি গুলি ছিল। তদন্তকারীরা মনে করছেন, তিনি পরিকল্পনা করেই ব্যাংকের কর্মীদের ওপর হামলা চালিয়েছিলেন। তাঁর আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার পর সিটিব্যাংক কর্তৃপক্ষ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিহত কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।