ইউরোপে বিনা টিউশন ফিতে মাস্টার্স, মাসে মিলবে ১ লাখ ৯০ হাজার টাকার বেশি ভাতা
ইউরোপের একাধিক দেশে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ইরাসমাস মুন্ডাস বৃত্তি। টিউশন ফি, স্বাস্থ্যবিমা ও জীবনযাত্রার খরচের জন্য মাসে সর্বোচ্চ ১ হাজার ৪০০ ইউরো পর্যন্ত পাওয়া যাবে।
ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখেন এমন শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স বৃত্তি কর্মসূচি। ২০২৭ শিক্ষাবর্ষে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য একাধিক বিষয়ে মাস্টার্স করার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, স্বাস্থ্যবিমা এবং জীবনযাত্রার ব্যয়ের জন্য আর্থিক সহায়তা পাবেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসে সর্বোচ্চ ১ হাজার ৪০০ ইউরো দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার বেশি। সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত এই সহায়তা পাওয়া যেতে পারে। সে হিসাবে দুই বছরে মোট বৃত্তির পরিমাণ দাঁড়াতে পারে ৩৩ হাজার ৬০০ ইউরো।
ইরাসমাস মুন্ডাসের বিশেষত্ব হলো, এখানে শিক্ষার্থীরা একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। একটি যৌথ মাস্টার্স কর্মসূচির অধীনে সাধারণত দুই বা ততোধিক দেশের বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ফলে শিক্ষার্থীরা একই ডিগ্রি অর্জনের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পান।
যেসব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে
ইরাসমাস মুন্ডাসের আওতায় প্রতিবছর বিভিন্ন বিষয়ে মাস্টার্স কর্মসূচি পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, অভিবাসন, পর্যটন, পরিবেশবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, জনস্বাস্থ্য, কৃষি, খাদ্যবিজ্ঞান, পানি ব্যবস্থাপনা ও সামাজিক বিজ্ঞান। তবে সব বিষয়ে প্রতিবছর বৃত্তি থাকে না। তাই সরকারি তালিকা থেকে নিজের পছন্দের বিষয় নির্বাচন করতে হবে।
২০২৭ শিক্ষাবর্ষের কয়েকটি গুরুত্বপূর্ণ সময়সীমা
ইউরোপিয়ান মাস্টার্স ইন মাইগ্রেশন অ্যান্ড ইন্টারকালচারাল রিলেশনস (EMMIR) কর্মসূচিতে বৃত্তির জন্য আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২৬।
অন্যদিকে গ্রাউন্ডওয়াটার অ্যান্ড গ্লোবাল চেঞ্জ (GroundwatCH) এবং ফ্লাড রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে ইউরোপের বাইরের দেশের শিক্ষার্থীদের বৃত্তির আবেদনের শেষ তারিখ ৩ জানুয়ারি ২০২৭।
তবে মনে রাখতে হবে, প্রতিটি মাস্টার্স কর্মসূচির আবেদন শুরুর সময়, শেষ তারিখ এবং যোগ্যতার শর্ত আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করা জরুরি।
কারা আবেদন করতে পারবেন
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা সাধারণত আবেদন করতে পারবেন। স্নাতকের শেষ বর্ষে থাকা শিক্ষার্থীরাও কিছু কর্মসূচিতে আবেদন করতে পারেন। তবে মাস্টার্স শুরু হওয়ার আগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
এ ছাড়া বিষয়ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ এবং অন্যান্য শর্ত পূরণ করতে হতে পারে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় আইইএলটিএস বা সমমানের ইংরেজি ভাষার পরীক্ষার ফলাফল চাইতে পারে। তবে সব প্রোগ্রামে একই শর্ত প্রযোজ্য নয়।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
সাধারণত আবেদনকারীদের জীবনবৃত্তান্ত, স্নাতকের সনদ ও নম্বরপত্র, পাসপোর্ট, উদ্দেশ্য ও আগ্রহের বিবরণী এবং সুপারিশপত্র জমা দিতে হয়। প্রয়োজন অনুযায়ী ইংরেজি ভাষার দক্ষতার সনদও দিতে হতে পারে।
বিশেষ বিষয় হলো, অনেক ইরাসমাস মুন্ডাস কর্মসূচিতে ভর্তি আবেদনের মাধ্যমেই বৃত্তির জন্য বিবেচিত হওয়া যায়। আলাদা বৃত্তির আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন হয় না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রোগ্রামের নিয়ম অনুসরণ করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে ইরাসমাস মুন্ডাসের সরকারি তালিকা থেকে পছন্দের বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা, বৃত্তির সুবিধা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনের শেষ তারিখ যাচাই করে অনলাইনে আবেদন করতে হবে।
ইরাসমাস মুন্ডাসের সরকারি ওয়েবসাইট:
https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en
ইউরোপীয় ইউনিয়নের এই বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে বৃত্তি সীমিত এবং প্রতিযোগিতামূলক। আবেদন করলেই বৃত্তি নিশ্চিত হয় না। তাই শেষ সময়ের অপেক্ষা না করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইরাসমাস মুন্ডাস, ইউরোপে উচ্চশিক্ষা, বিদেশে মাস্টার্স, সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা, বিদেশি বৃত্তি, বাংলাদেশি শিক্ষার্থী, ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক বৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ, ২০২৭ শিক্ষাবর্ষ, বিদেশে পড়াশোনা, মাসিক বৃত্তি






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।