গ্রিনকার্ড লটারির নামে প্রতারণা, আবেদনকারীদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ডিভি লটারিতে নির্বাচিত হওয়ার ভুয়া খবর দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এমন প্রতারণা থেকে বাঁচতে আবেদনকারীদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্রের ডিভি লটারির নামে প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। লটারিতে নির্বাচিত হওয়ার ভুয়া খবর দিয়ে আবেদনকারীদের কাছ থেকে টাকা ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারকরা। সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ইমেইল ও চিঠির মাধ্যমেও মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, ডিভি লটারির আবেদনকারীদের লক্ষ্য করে ভুয়া ইমেইল ও চিঠি পাঠানোর ঘটনা বেড়েছে। এসব বার্তায় প্রতারকেরা নিজেদের মার্কিন সরকারের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। এরপর লটারিতে নির্বাচিত হওয়ার খবর বা ভিসা পাওয়ার সুযোগের কথা বলে টাকা দাবি করে।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ডিভি লটারিতে কেউ নির্বাচিত হলে তাঁকে সরাসরি ইমেইল বা চিঠি পাঠিয়ে বিজয়ী হওয়ার খবর জানানো হয় না। আবেদনকারী নির্বাচিত হয়েছেন কি না, তা জানতে হলে সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে নিজের আবেদনের তথ্য যাচাই করতে হবে।
এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা নিয়ে লটারিতে জেতার নিশ্চয়তা দিতে পারে না। টাকা দিলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়বে এমন দাবিও বিশ্বাস করা উচিত নয়। কোনো পরামর্শদাতা বা প্রতিষ্ঠান আবেদন করতে সাহায্য করলেও তারা নির্বাচিত হওয়ার সুযোগ বাড়াতে পারে না।
পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, আবেদনকারীদের নিজের ইমেইল ঠিকানা ব্যবহার করা এবং আবেদনের পর পাওয়া নিশ্চিতকরণ নম্বর নিরাপদে সংরক্ষণ করা জরুরি। কেউ অন্যের সাহায্যে আবেদন করলেও নিজের নিশ্চিতকরণ নম্বরটি বুঝে নিতে হবে। কারণ পরবর্তী সময়ে আবেদনের ফলাফল দেখতে এই নম্বর প্রয়োজন হবে।
ভুয়া ওয়েবসাইট চেনার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের সরকারি ওয়েবসাইটের ঠিকানা সাধারণত ‘.gov’ দিয়ে শেষ হয়। তাই কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য বা টাকা দেওয়ার আগে সেটি সরকারি কি না যাচাই করা জরুরি।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ডিভি লটারির ফলাফল ও আবেদনসংক্রান্ত তথ্য জানার জন্য একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম হলো যুক্তরাষ্ট্র সরকারের সরকারি ওয়েবসাইট। প্রতারকদের ফাঁদে পড়ে টাকা বা ব্যক্তিগত তথ্য হারানো থেকে বাঁচতে আবেদনকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।