বিমানে সবচেয়ে অবহেলিত পে গ্রুপ-১: সারা জীবন একই পদে, পদোন্নতি যেন অধরা স্বপ্ন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পে গ্রুপ-১ কর্মীদের পদোন্নতি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ, যোগ্যতা ও অভিজ্ঞতার স্বীকৃতি চেয়ে ন্যায্য পদোন্নতি নীতিমালা প্রণয়নের দাবি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সবচেয়ে অবহেলিত শ্রেণি হিসেবে পরিচিত পে গ্রুপ-১ এর কর্মীরা। দীর্ঘদিন ধরে তারা একই পদে, একই বেতন কাঠামোতে কাজ করে যাচ্ছেন। চাকরিতে যোগদানের পর থেকে অবসর পর্যন্ত অনেকেরই পদোন্নতি হয় না সারা জীবন একই পোস্টে থাকতে হয় তাদের।
সংশ্লিষ্টদের অভিযোগ, বিমানের অন্যান্য বিভাগে পদোন্নতির সুযোগ থাকলেও পে গ্রুপ-১ এর কর্মীদের ক্ষেত্রে সেই পথ প্রায় বন্ধ। বছরের পর বছর দক্ষতা, অভিজ্ঞতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলেও পদমর্যাদায় কোনো পরিবর্তন আসে না। ফলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
ভুক্তভোগী কর্মীরা বলছেন, বিমানের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানে সবার জন্য সমান সুযোগ থাকা উচিত। যাদের শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা রয়েছে, তাদের অবশ্যই পদোন্নতি পাওয়া উচিত। এটি কোনো অনুগ্রহ নয়, এটি তাদের ন্যায্য অধিকার।
তারা আরও বলেন, পে গ্রুপ-১ এর কর্মীরা বিমানের মাঠ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করেন। ফ্লাইট পরিচালনা থেকে শুরু করে যাত্রীসেবা, কার্গো, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ — প্রতিটি ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। অথচ তাদেরকেই সবচেয়ে বেশি অবহেলার শিকার হতে হয়।
এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কর্মীরা বলেন, কর্তৃপক্ষের অবশ্যই তাদের নিয়ে ভাবা উচিত। একটি স্বচ্ছ ও ন্যায্য পদোন্নতি নীতিমালা প্রণয়ন করে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করলে কর্মীদের মনোবল বাড়বে, কাজের গতি ও মানও বাড়বে।
বিশেষজ্ঞরা মনে করেন, কোনো প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে তৃণমূল কর্মীদের মূল্যায়ন করতেই হবে। পদোন্নতির সুযোগ না থাকলে মেধাবীরা আগ্রহ হারিয়ে ফেলেন, যা শেষ পর্যন্ত প্রতিষ্ঠানেরই ক্ষতি করে। বিমানকে এগিয়ে নিতে হলে পে গ্রুপ-১ এর কর্মীদের যোগ্যতাকে স্বীকৃতি দিতে হবে।
পে গ্রুপ-১ এর কর্মীদের প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে। যোগ্যতা থাকলে পদোন্নতি এই সহজ ন্যায্য দাবিটি পূরণ হলেই বিমানে বৈষম্য দূর হবে এবং সবাই সমান মর্যাদা নিয়ে কাজ করতে পারবেন।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।