অন্ধকারে বাড়তে পারে সড়ক দুর্ঘটনা, নিউইয়র্কজুড়ে পুলিশের বিশেষ তৎপরতা
শীতকালীন সময় শুরু হওয়ায় নিউইয়র্কে সন্ধ্যা নামবে দ্রুত। পথচারীদের নিরাপত্তায় বাড়তি পুলিশি নজরদারি, চালকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে নগর কর্তৃপক্ষ।
নিউইয়র্কে শীতকালীন সময়সূচি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যার সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। রবিবার ১ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঞ্চলে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হয়েছে। ফলে আগের তুলনায় এক ঘণ্টা আগে সূর্যাস্ত হবে এবং বিকেলের ব্যস্ত সময়ে অনেক মানুষকে অন্ধকারের মধ্যে চলাচল করতে হবে।
এই পরিস্থিতিতে পথচারী, সাইকেল আরোহী ও গাড়িচালকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক নগর পরিবহন বিভাগ এবং নিউইয়র্ক পুলিশ বিভাগ যৌথভাবে ‘ডাস্ক অ্যান্ড ডার্কনেস’ নামে বিশেষ সড়ক নিরাপত্তা অভিযান শুরু করেছে।
গত ২৯ অক্টোবর নগর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করে। এর আওতায় বিকেল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে সড়কে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাফিক সংকেত অমান্য করা, পথচারীদের রাস্তা পারাপারের সুযোগ না দেওয়া এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি থেকেই এ বিষয়ে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। নিউইয়র্কের পাঁচটি বরোতেই স্থানীয় সড়ক ও মহাসড়কে বিশেষ নজরদারি চলছে।
এ ছাড়া অবৈধভাবে গাড়ি পার্কিং, পথচারীদের চলাচলের জায়গা বন্ধ করে রাখা এবং সাইকেল ও বাস চলাচলের লেন আটকে রাখার বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।
সাধারণ মানুষকে সচেতন করতে শহরের বিভিন্ন স্থানে স্থাপিত লিংকএনওয়াইসি কিয়স্কে সতর্কতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। স্ট্যাটেন আইল্যান্ড ফেরি টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচারণা চালানো হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩৩ লাখ মানুষের কাছে নিরাপত্তাবিষয়ক বার্তা পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
নিউইয়র্ক নগর পরিবহন বিভাগের কমিশনার মাইক ফ্লিন জানিয়েছেন, বছরের এই সময়ে সূর্যাস্তের কাছাকাছি সময়টি পথচারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই চালকদের গতি কমানো, মোড় নেওয়ার সময় সতর্ক থাকা এবং পথচারীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নগর পুলিশ বিভাগের পরিবহনবিষয়ক প্রধান ওলুফুনমিলোলা ওবে বলেছেন, দুর্ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধ করা পুলিশের অন্যতম লক্ষ্য। এ জন্য আইন প্রয়োগের পাশাপাশি চালক ও পথচারীদের সচেতন করা হচ্ছে।
কর্তৃপক্ষ চালকদের শহরজুড়ে ঘণ্টায় ২৫ মাইল গতিসীমা মেনে চলার পরামর্শ দিয়েছে। বিশেষ করে স্কুল থেকে বাড়ি ফেরা শিশু, বয়স্ক মানুষ এবং সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরা পথচারীদের প্রতি বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালে এখন পর্যন্ত শহরের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা গত ১১৬ বছরের রেকর্ডের মধ্যে অন্যতম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। পথচারীদের মৃত্যুর ঘটনাও গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।
তবে এই অগ্রগতি ধরে রাখতে শুধু পুলিশি অভিযান নয়, সড়কের আলো উন্নত করা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ভিশন জিরো কর্মসূচির আওতায় এমন একটি সংযুক্ত সড়কবাতি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ রয়েছে, যা বাতি নষ্ট হলে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে দ্রুত মেরামতের ব্যবস্থা করতে সহায়তা করবে।
নগর কর্তৃপক্ষের প্রত্যাশা, বাড়তি নজরদারি ও জনসচেতনতার মাধ্যমে শীতকালীন সময়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।