জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী: মীর শাহে আলম
বিএনপি কখনো বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না; বরং জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ, সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত রোগী শনাক্তকরণ এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
শনিবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপি সব সময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে দলটি। বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার কোনো স্বপ্ন বিএনপি দেখে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সাত মাসের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিফলন ঘটেছে। মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ বিন্দুমাত্র বরদাশত করা হবে না।
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, জনগণ রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে।
বিরোধী দলগুলোর রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, অনৈতিক কর্মকাণ্ড আড়াল করার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুৎ লোডশেডিংয়ের মতো সমস্যার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এটিই বিএনপির সততা ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে পার্থক্য।
মীর শাহে আলম আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার লক্ষ্যে বিএনপি কাজ করছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
ডিএনসিসির উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে নগরবাসীর জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা ও চিকিৎসার ব্যবস্থা রাখা হয়। এর মধ্যে রয়েছে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি (এনসিডি), পুষ্টিসেবা এবং সাধারণ চিকিৎসা।
এ ছাড়া ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্তকরণ, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্পটি উদ্বোধন করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।