হামে হাজারো শিশুর মৃত্যু নিছক ভুল নয়, এর দায় ইউনূস ও তারেক রহমানকে নিতে হবে: শেখ হাসিনা
সম্প্রতি হামের প্রাদুর্ভাবে দেশে প্রায় হাজারো শিশুর মৃত্যুতে ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের তীব্র সমালোচনা করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া সুপ্রতিষ্ঠিত টিকাদান ব্যবস্থা থাকার পরও সময়মতো টিকা সংগ্রহ না করাটা কোনো সাধারণ প্রশাসনিক ভুল নয়, বরং এটি দায়িত্ব পালনে চরম ব্যর্থতা।
দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দেশে হাজার হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। শিশু ও মাতৃমৃত্যু হারও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছিল।
কিন্তু সম্প্রতি হামে আক্রান্ত হয়ে দেশে প্রায় ১,০০০ শিশুর মৃত্যুর ঘটনাকে 'হৃদয়বিদারক' আখ্যা দিয়ে তিনি এর জন্য বর্তমান প্রশাসনকে দায়ী করেন। তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার একটি সুপ্রতিষ্ঠিত টিকাদান ব্যবস্থা গড়ে তুলেছিল। ইউনিসেফের সাথে ব্যবস্থা করা ছিল এবং বাজেটেও অর্থ বরাদ্দ ছিল। টিকার ঘাটতি সম্পর্কে মুহাম্মদ ইউনূসকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু সময়মতো তা সংগ্রহ করা হয়নি।"
তিনি অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতায় আসার পরও বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়নি। শেখ হাসিনা বলেন, "এগুলো প্রতিরোধযোগ্য মৃত্যু ছিল। এটিকে কেবল একটি প্রশাসনিক ভুল বলা যায় না, এটি দায়িত্ব পালনে চরম ব্যর্থতা। মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমান এর দায় এড়াতে পারেন না।" জনগণের জীবন রক্ষায় ব্যর্থতার জন্য এই সরকারকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান তিনি।





