কোটা আন্দোলন ছিল 'নিখুঁতভাবে পরিকল্পিত', স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত বন্ধ করলেন কেন ইউনূস: প্রশ্ন শেখ হাসিনার
২০২৪ সালের ছাত্র আন্দোলনকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন শেখ হাসিনা। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তুলেছেন, সরকার দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন সরকার পতনের দিকে মোড় নিল?
জুলাই-আগস্টের ছাত্র বিক্ষোভ ও তার জেরে দেশত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, সরকার শুরু থেকেই কোটা ইস্যুটি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছিল। কিন্তু দাবিগুলো মেনে নেওয়ার পরও ক্রমাগত নতুন দাবি সামনে আসতে থাকে এবং আন্দোলনটি সংঘাত ও সরকার পতনের দাবির দিকে মোড় নেয়।
ড. মুহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের সূত্র ধরে তিনি বলেন, "ইউনূস নিজেই এটিকে 'অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পিত' (meticulously designed) বলে বর্ণনা করেছেন এবং একজন মাস্টারমাইন্ডের কথা বলেছেন।" শেখ হাসিনা প্রশ্ন তোলেন, কোটা সংস্কারের আন্দোলন সমাধান হওয়ার পরও কেন তা অব্যাহত রইলো? কে সহিংসতা ঢুকিয়েছিল এবং কারা এর অর্থায়ন করেছিল?
তিনি অভিযোগ করেন, প্রকৃত সত্য উদঘাটনের জন্য ২০২৪ সালের ১৮ জুলাই যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, ইউনূস ক্ষমতায় এসে তা বাতিল করে দেন। উল্টো জুলাই অভ্যুত্থানে জড়িতদের আইনি সুরক্ষা (ইনডেমনিটি) দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ঢালাও মামলা দেওয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, "এক পক্ষের জন্য এক ধরনের ন্যায়বিচার এবং আওয়ামী লীগের জন্য আরেক ধরনের মাপকাঠি কীভাবে হতে পারে?" তিনি এই পুরো ঘটনা ও সহিংসতার একটি প্রকৃত স্বাধীন তদন্তের দাবি জানান, যাতে আসল অপরাধী ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করা যায়।





