ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন শেষ ১৮ নভেম্বর
ফ্রান্সে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন চলছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। সঠিক নিয়মে আবেদন করে উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তির সুযোগও খুঁজতে পারবেন আগ্রহীরা।
ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ফ্রান্সের সরকারি সংস্থা ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬।
কোন যোগ্যতায় ফ্রান্সে পড়তে যাওয়া যাবে?
ফ্রান্সে স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য উচ্চশিক্ষা কার্যক্রমে ভর্তির জন্য শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোন কোর্সে ভর্তি হওয়া যাবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি শর্ত, শিক্ষার্থীর ফলাফল এবং ভাষাগত দক্ষতার ওপর।
বাংলাদেশি শিক্ষার্থীরা এইচএসসি শেষ করে স্নাতক পর্যায়ে এবং স্নাতক শেষ করে স্নাতকোত্তর পর্যায়ে আবেদন করতে পারবেন। তবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি শর্ত রয়েছে।
আবেদন করতে হবে যেভাবে
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রধান আবেদনমাধ্যম হলো ‘এতুদ এন ফ্রঁস’ (Études en France) অনলাইন প্ল্যাটফর্ম। প্রথমে শিক্ষার্থীকে এই প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা, পড়াশোনার পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মজীবনের লক্ষ্য উল্লেখ করতে হবে।
আবেদনের সঙ্গে পাসপোর্ট, ছবি, শিক্ষাগত সনদ, নম্বরপত্র, জীবনবৃত্তান্ত এবং প্রয়োজনীয় ভাষাগত দক্ষতার সনদ জমা দিতে হতে পারে। পাশাপাশি কেন ফ্রান্সে পড়তে চান, সে বিষয়ে একটি উদ্দেশ্যপত্র বা মোটিভেশন লেটার জমা দিতে হবে।
ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের মাধ্যমে আবেদন যাচাই হওয়ার পর নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের এই আবেদনপ্রক্রিয়ার ফি ১২ হাজার ১৭০ টাকা। এই ফি ফেরতযোগ্য নয়।
কত টাকা লাগবে এবং বৃত্তি পাওয়া যাবে কি?
ফ্রান্সে পড়াশোনার খরচ বিশ্ববিদ্যালয়, বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আলাদা। সরকারি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম খরচে পড়ার সুযোগ রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানে খরচ অনেক বেশি হতে পারে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকার, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংস্থার বৃত্তির সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাস ফ্রান্সের ‘ক্যাম্পাস বুর্স’ (Campus Bourses) তালিকা থেকে বৃত্তির তথ্য খুঁজতে পারবেন। তবে বৃত্তি পাওয়ার জন্য আলাদা যোগ্যতা ও শর্ত পূরণ করতে হয়। আবেদন করলেই বৃত্তি নিশ্চিত হয় না।
শিক্ষার্থী ভিসা পাওয়ার নিয়ম
বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অনুমোদন পাওয়ার পর শিক্ষার্থীকে দীর্ঘমেয়াদি শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে ভিসাপ্রক্রিয়া শুরু করতে হয়।
এই প্রক্রিয়ায় প্রথমে ফ্রান্সের দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও পড়াশোনার পরিকল্পনা নিয়ে সাক্ষাৎকার এবং পরে ভিসা বিভাগের সাক্ষাৎকার দিতে হয়। এরপর দূতাবাসের নির্দেশনা অনুযায়ী ঢাকার ভিএফএস গ্লোবাল কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্র ও বায়োমেট্রিক তথ্য জমা দিতে হয়।
ভিসার আবেদনে বিশ্ববিদ্যালয়ের ভর্তির অনুমতিপত্র, আর্থিক সামর্থ্যের প্রমাণ, থাকার ঠিকানা, পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে।
ফ্রান্সের সরকারি তথ্য অনুযায়ী, বৃত্তি না পাওয়া শিক্ষার্থীদের সাধারণত প্রতি মাসে অন্তত ৬১৫ ইউরোর সমপরিমাণ আর্থিক সামর্থ্যের প্রমাণ দেখাতে হয়।
পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ
ফ্রান্সে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্ধারিত নিয়মে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করতে পারেন। দেশটির নিয়ম অনুযায়ী, অধিকাংশ বিদেশি শিক্ষার্থী বছরে সর্বোচ্চ ৯৬৪ ঘণ্টা কাজ করার অনুমতি পান।
তবে শুধু খণ্ডকালীন কাজের আয়ের ওপর নির্ভর করে পড়াশোনা ও জীবনযাত্রার সব খরচ বহন করা সম্ভব হবে—এমন ধারণা নিয়ে ফ্রান্সে যাওয়া উচিত নয়।
আবেদনের সময়সীমা ও যোগাযোগ
২০২৬–২৭ শিক্ষাবর্ষে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের মাধ্যমে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬। তাই আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আবেদন সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তি ও ভিসার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে শিক্ষার্থীরা ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের সরকারি ওয়েবসাইট দেখতে পারেন।
ওয়েবসাইট: https://www.bangladesh.campusfrance.org/
ই-মেইল: [email protected]
ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের এই সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, কোর্সের যোগ্যতা, মোট খরচ, বৃত্তির শর্ত এবং ভিসার নিয়ম ভালোভাবে যাচাই করা জরুরি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।