পড়াশোনা শেষে চাকরির সুযোগে ৭০ হাজার ডলারের ফি বাতিলের দাবি ৩৭ শিক্ষাসংগঠনের
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কাজের সুযোগ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলারের প্রস্তাবিত ফি বাতিলের দাবি জানিয়েছে ৩৭টি শিক্ষাসংশ্লিষ্ট সংগঠন।
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কাজের সুযোগ পাওয়ার নিয়মে বড় অঙ্কের ফি চালুর প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে ৩৭টি শিক্ষাসংশ্লিষ্ট সংগঠন। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের কাছে পাঠানো এক চিঠিতে তারা এই দাবি জানায়। প্রস্তাব অনুযায়ী, একজন শিক্ষার্থীর প্রথমবার কাজের অনুমতির সুপারিশ করার জন্য বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলার দিতে হতে পারে। পরবর্তী সময়ে একই শিক্ষার্থীর জন্য আবার অনুমতির সুপারিশ করলে দিতে হতে পারে আরও ৩০ হাজার ডলার।
৯ নভেম্বর আমেরিকান কাউন্সিল অন এডুকেশন এবং আরও ৩৬টি সংগঠন মিলে এই প্রস্তাবের বিরুদ্ধে লিখিত মতামত জমা দেয়। সংগঠনগুলোর মতে, এত বেশি ফি চালু হলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য সুপারিশ করা কঠিন হয়ে পড়বে। এতে শিক্ষার্থীরাও পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হারাতে পারেন।
এই প্রস্তাবটি মূলত ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ বা ওপিটি কর্মসূচির সঙ্গে সম্পর্কিত। এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এফ-১ শিক্ষার্থী ভিসায় পড়াশোনা করা যোগ্য শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার বিষয়ের সঙ্গে মিল রেখে কাজের অভিজ্ঞতা নিতে পারেন। সাধারণত তাঁরা ১২ মাস কাজের অনুমতি পেতে পারেন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে নির্দিষ্ট শর্ত পূরণ করা শিক্ষার্থীরা আরও ২৪ মাস কাজের অনুমতি পাওয়ার সুযোগ পান।
প্রস্তাব অনুযায়ী, প্রথমবার ওপিটির অনুমতির সুপারিশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলার দিতে হবে। একই শিক্ষার্থীর পরবর্তী অনুমতির সুপারিশের ক্ষেত্রে দিতে হবে ৩০ হাজার ডলার। অর্থাৎ, পরবর্তী মেয়াদের অনুমতিও প্রয়োজন হলে মোট ফি এক লাখ ডলার পর্যন্ত হতে পারে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রস্তাবিত এই টাকা সরাসরি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়ার কথা বলা হয়নি। শুরুতে এই ফি দেওয়ার দায়িত্ব থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর। তবে প্রতিষ্ঠান চাইলে এই খরচের পুরোটা বা কিছু অংশ শিক্ষার্থী কিংবা নিয়োগদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে নিতে পারে।
৩৭টি সংগঠনের দাবি, এত বেশি ফি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খরচ বাড়াবে এবং অনেক শিক্ষার্থীর জন্য কাজের সুযোগ সীমিত করে দেবে। বিশেষ করে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য কম, তাদের পক্ষে এই খরচ বহন করা কঠিন হতে পারে। এতে যুক্তরাষ্ট্রে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীদের আগ্রহও কমে যেতে পারে অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ওপিটি কর্মসূচিতে অনিয়ম ও জালিয়াতি কমানো এবং নিয়ম ঠিকভাবে মানা নিশ্চিত করতেই এই ফি চালুর প্রস্তাব করা হয়েছে।
তবে এখনো এই প্রস্তাব চূড়ান্ত হয়নি। সরকার বিভিন্ন ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের মতামত পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। নতুন নিয়ম চূড়ান্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা আগের নিয়ম অনুযায়ী ওপিটির জন্য আবেদন করতে পারবেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষে কাজের অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবন গড়ার জন্য ওপিটির ওপর নির্ভর করেন। তাই প্রস্তাবটির পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রাখছেন শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।