ট্যাক্স ফরমে নাগরিকত্ব ও কাজের অনুমতির তথ্য চাওয়ার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
২০২৬ সালের আয়কর ফরমে নতুন প্রশ্ন যুক্ত করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে অভিবাসীদের কর জমা ও কিছু কর-সুবিধা পাওয়ার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিক ও অভিবাসীদের আয়কর জমা দেওয়ার নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ফেডারেল আয়কর ফরমে করদাতাকে নিজের নাগরিকত্ব এবং যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি আছে কি না, তা জানাতে হতে পারে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ বা আইআরএসের ২০২৬ সালের খসড়া কর ফরমে এ বিষয়ে প্রশ্ন রাখা হয়েছে। সেখানে করদাতা এবং যৌথভাবে কর জমা দিলে তাঁর স্বামী বা স্ত্রীর নাগরিকত্ব কিংবা কাজের অনুমোদন সম্পর্কে হ্যাঁ অথবা না উত্তর দিতে বলা হয়েছে।
প্রশাসনের যুক্তি, নতুন এই ব্যবস্থা চালু হলে যাঁরা নির্দিষ্ট সরকারি কর-সুবিধা পাওয়ার যোগ্য নন, তাঁদের সেই সুবিধা নেওয়া ঠেকানো সহজ হবে। এতে সরকারের সর্বোচ্চ ২০০ কোটি ডলার সাশ্রয় হতে পারে বলে প্রশাসনের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
তবে করদাতাদের অধিকার ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনগুলো এ প্রস্তাবের সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, কর ফরমে অভিবাসন-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হলে তা ভবিষ্যতে অভিবাসন আইন প্রয়োগের কাজে ব্যবহার হতে পারে।
এই পরিবর্তন কার্যকর হলে কিছু অভিবাসীর কর-সুবিধা পাওয়ার যোগ্যতাও বদলে যেতে পারে। প্রতিবেদনে ডাকা কর্মসূচির আওতায় থাকা ব্যক্তি, সাময়িক সুরক্ষার আওতায় থাকা অভিবাসী এবং এইচ-১বি ভিসাধারীদের সম্ভাব্য প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রে বসবাসরত সব বাংলাদেশির ওপর একইভাবে এর প্রভাব পড়বে না। নাগরিকত্ব, গ্রিন কার্ড, ভিসা, কাজের অনুমতি এবং করের ক্ষেত্রে ব্যক্তির অবস্থান অনুযায়ী নিয়ম আলাদা হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কর জমা দেওয়ার আগে নতুন ফরমের চূড়ান্ত নির্দেশনা যাচাই করা জরুরি। বিশেষ করে যাঁরা সামাজিক নিরাপত্তা নম্বরের পরিবর্তে আইটিআইএন ব্যবহার করে কর জমা দেন, তাঁদের নিজের পরিস্থিতি অনুযায়ী কর বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
এটি এখনো প্রশাসনের প্রস্তাব ও খসড়া ফরমের বিষয়। তাই নতুন প্রশ্নগুলোকে কার্যকর আইন বা চূড়ান্ত নিয়ম হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। আইআরএস চূড়ান্ত ফরম প্রকাশ করলে প্রকৃত নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।