প্রবাসী কার্ড চালুর আগেই প্রতারণার ফাঁদ, অর্থ লেনদেন না করতে মন্ত্রণালয়ের সতর্কবার্তা
প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর আগেই প্রতারণার ফাঁদ পাতছে অসাধু চক্র। দ্রুত কার্ড প্রদান ও পেনশন সুবিধার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে তারা। এ পরিস্থিতিতে প্রবাসী কার্ডের নামে কাউকে অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
দেশে ও বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ‘প্রবাসী কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র। এ ধরনের প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কার্ডটি চালুর প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখনো এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। এ সংক্রান্ত আবেদন কার্যক্রমও শুরু হয়নি।
মন্ত্রণালয় জানায়, সম্প্রতি দেশে-বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে কার্ড দেওয়ার নামে মিথ্যা তথ্য প্রচার করছে। বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা এবং দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে তারা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রবাসী কার্ড চালু হলে এর আবেদন পদ্ধতি, যোগ্যতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এ অবস্থায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
একই সঙ্গে কেউ প্রতারণার শিকার হলে অথবা এ ধরনের কোনো তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ সুরক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ ধরনের প্রতারণা প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।