যাতায়াতের কষ্ট দেখে দুই কর্মীকে বিলাসবহুল বিএমডব্লিউ উপহার দিলেন চীনা ব্যবসায়ী
কর্মীদের পরিশ্রমের স্বীকৃতি দিতে অভিনব উদ্যোগ চীনা ব্যবসায়ীর। ঠান্ডায় স্কুটারে যাতায়াতের কষ্ট দেখে দুই কর্মীকে প্রায় ৩০ লাখ ইউয়ান মূল্যের দুটি বিএমডব্লিউ উপহার দিয়েছেন তিনি।
চীনের হেনান প্রদেশের জিয়াওজুও শহরে গরুর মাংসের হটপট রেস্তোরাঁর একটি চেইন পরিচালনা করেন মা ইয়ানলি। কর্মীদের দৈনন্দিন যাতায়াতের দুর্ভোগ দেখে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক ব্যতিক্রমী উপায় বেছে নিয়েছেন। নিজের প্রতিষ্ঠানের দুই কর্মীকে নতুন বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়ে তিনি এখন আলোচনায়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটির সূত্রপাত গত শীতকালে। মা ইয়ানলি লক্ষ করেন, তাঁর কর্মীরা বৈদ্যুতিক স্কুটারে চড়ে প্রতিদিন কাজে আসেন। ঠান্ডা বাতাস ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে তাঁদের বেশ কষ্ট সহ্য করতে হয়। একদিন কর্মী লি জিয়েকে ঠান্ডায় কষ্ট পেয়ে কাজে আসতে দেখে বিষয়টি তাঁকে বিশেষভাবে নাড়া দেয়। লি জিয়ে প্রায় আট বছর ধরে ওই প্রতিষ্ঠানে কাজ করছিলেন।
নিজে গাড়িতে আরামদায়কভাবে যাতায়াত করতে পারলেও কর্মীদের প্রতিদিনের এই দুর্ভোগ তাঁকে ভাবিয়ে তোলে। তাঁর উপলব্ধি হয়, প্রতিষ্ঠানের সাফল্যে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাঁদের জীবনযাত্রার সুবিধার বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত। সেই ভাবনা থেকেই কর্মীদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত নেন তিনি।
গত ২৪ সেপ্টেম্বর মা ইয়ানলি কয়েকজন কর্মীকে একটি বৈঠকে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে বের হন। কিন্তু তাঁদের নিয়ে যাওয়া হয় বিএমডব্লিউর একটি শোরুমে। সেখানে গিয়ে কর্মীরা জানতে পারেন, তাঁদের দুজনের জন্য নতুন গাড়ি কেনা হয়েছে। আকস্মিক এই উপহারে তাঁরা বিস্মিত ও আনন্দিত হন।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি গাড়ির দাম ছিল প্রায় তিন লাখ চীনা ইউয়ান, যা সে সময়ের হিসাবে প্রায় ৪৫ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ। দুটি গাড়ির মোট মূল্য প্রায় ছয় লাখ ইউয়ান। গাড়িগুলোর সম্পূর্ণ মূল্য আগেই পরিশোধ করেছিলেন মা ইয়ানলি। ফলে উপহার পাওয়া কর্মীদের গাড়ি কেনার জন্য নিজস্ব অর্থ ব্যয় করতে হয়নি।
উপহার পাওয়া কর্মীদের একজন লি জিয়ে। তাঁর জন্য বরাদ্দ করা হয় একটি সাদা বিএমডব্লিউ। প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি সেদিনই তাঁর নামে নিবন্ধন করা হয়। অন্য কর্মী লিউ ইংইং পান একটি ধূসর রঙের বিএমডব্লিউ। প্রতিষ্ঠানের কাজে তাঁদের পরিশ্রম ও ভালো কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবেই এই উপহার দেওয়া হয়েছে।
লিউ ইংইং জানান, তাঁর বস তাঁকে বলেছেন, তিনি কঠোর পরিশ্রম করেন এবং তাঁর কাজের মান ভালো; তাই তিনি এই গাড়ির যোগ্য। অন্যদিকে, লি জিয়ে উপহার পেয়ে নিজের আনন্দ প্রকাশ করেন।
মা ইয়ানলির বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানের সাফল্য কেবল মালিকের একার প্রচেষ্টায় আসে না। কর্মীদের সম্মিলিত পরিশ্রমেই ব্যবসা এগিয়ে যায়। তাই প্রতিষ্ঠান থেকে অর্জিত সাফল্যের সুফল কর্মীদের সঙ্গেও ভাগ করে নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, কর্মীদের জন্য তাঁর এই উদ্যোগ প্রথম নয়। এর আগেও তিনি বিভিন্ন উৎসবে কর্মীদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ পুরস্কার হিসেবে দিয়েছেন। তবে দুটি নতুন বিএমডব্লিউ উপহার দেওয়ার ঘটনাটি বিশেষভাবে নজর কেড়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।