৫৪ বছরে প্রথম শিল্পখাতে নেতিবাচক প্রবৃদ্ধি, অর্থনৈতিক বিপর্যয় নিয়ে সরকারকে তোপ শেখ হাসিনার
তার সরকারের আমলের অভাবনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির বিপরীতে বর্তমান বাংলাদেশের ভয়াবহ অর্থনৈতিক মন্দা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেছেন, সুশাসনের অভাব এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের জিডিপি তলানিতে নেমেছে, মূল্যস্ফীতি বেড়েছে এবং অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের অর্থনীতি ও বিনিয়োগকে ধ্বংস করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সময়কার অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাদের আমলে বাংলাদেশের অর্থনীতি ৭০ বিলিয়ন ডলার থেকে ৪৫০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। চরম দারিদ্র্য নেমে এসেছিল ৫.৬ শতাংশে এবং নিজেদের অর্থায়নে পদ্মা সেতুসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছিল।
বর্তমান অর্থনৈতিক অবস্থার কড়া সমালোচনা করে তিনি বলেন, “আমরা যে অগ্রগতি গড়ে তুলেছিলাম তা ধ্বংস করা হচ্ছে এবং সাধারণ মানুষ এর খেসারত দিচ্ছে।” তার দেওয়া তথ্যমতে, জিডিপি প্রবৃদ্ধি ৬.৮০ শতাংশ থেকে কমে ২.২২ শতাংশে নেমে এসেছে। দেশের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিল্পখাত নেতিবাচক প্রবৃদ্ধির সম্মুখীন হয়েছে এবং খেলাপি ঋণ ১৩ শতাংশ থেকে বেড়ে ৪৭ শতাংশে পৌঁছেছে।
তিনি আরও উল্লেখ করেন, নতুন করে দুই কোটির বেশি মানুষ বেকার হয়ে পড়েছে এবং ৫০০-এর বেশি কারখানা বন্ধ হয়ে গেছে। শিল্পপতিদের অর্ধেকেরও বেশি কারাগারে বা আত্মগোপনে থাকায় বিনিয়োগ তলানিতে ঠেকেছে।
এই পতনের জন্য সরাসরি বর্তমান রাজনৈতিক সংকটকে দায়ী করে তিনি বলেন, আইনের শাসনের ধ্বংসযজ্ঞ বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের সমান সুরক্ষা ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না বলে সতর্ক করেন তিনি।





