কাতারে বিমানের হাতব্যাগে ২৩ ধরনের জিনিস নিষিদ্ধ, সঙ্গে থাকলে জব্দ করবে কর্তৃপক্ষ
কাতারগামী যাত্রীদের জন্য বিমানবন্দরের নিরাপত্তা নিয়মে রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। নখ কাটার যন্ত্র, কাঁচি, লাইটার, মাংস ও মাছসহ নির্দিষ্ট জিনিস হাতব্যাগে পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে, ফেরতও দেওয়া হবে না।
কাতারে বিমানযাত্রীদের হাতব্যাগে বহনের জন্য বেশ কিছু জিনিস নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। তালিকায় রয়েছে নখ কাটার যন্ত্র, কাঁচি, ছুরি, লাইটার, সুগন্ধি স্প্রে, মাংস, মাছসহ দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষায় এসব নিষিদ্ধ জিনিস পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে এবং যাত্রীরা আর ফেরত পাবেন না। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় হাতব্যাগে বহন করা যাবে না এমন ধারালো ও অন্যান্য সামগ্রীর তালিকা দেওয়া হয়েছে। তালিকায় নখ কাটার যন্ত্র, রেজার ব্লেড, বিভিন্ন ধরনের ছুরি, কাঁটাচামচ ও চামচ, স্ক্রু খোলার যন্ত্র, রেঞ্চ, লাইটার এবং ধারালো সরঞ্জাম রয়েছে।
এ ছাড়া ৩ সেন্টিমিটারের বেশি লম্বা ফলার কাঁচি, দড়ি, তীর, ডার্ট, বিলিয়ার্ড ও স্নুকার খেলার সরঞ্জাম, বিভিন্ন ধরনের খেলার র্যাকেট, পাহাড়ে ওঠার লাঠি এবং স্কেটিংয়ের লাঠিও হাতব্যাগে নেওয়া যাবে না। খেলনা হলেও দেখতে বন্দুক বা অস্ত্রের মতো হলে সেটিও নিষিদ্ধ। চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত সূঁচ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণ দেখাতে হবে। এ ছাড়া মাপার ফিতা, শরীরে ব্যবহারের সুগন্ধি স্প্রে, মাংস, মাছ ও রং হাতব্যাগে বহনের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।
যাত্রীরা হাতব্যাগে তরল, স্প্রে, পেস্ট ও জেলজাতীয় সামগ্রী নিতে পারবেন, তবে নির্দিষ্ট নিয়ম মানতে হবে। সব মিলিয়ে এসব সামগ্রীর পরিমাণ এক লিটারের বেশি হওয়া যাবে না। প্রতিটি বোতল বা পাত্রে সর্বোচ্চ ১০০ মিলিলিটার পর্যন্ত রাখা যাবে। সব পাত্র একটি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে রাখতে হবে, যার আকার ২০ বাই ২০ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। নিরাপত্তা পরীক্ষার সময় ব্যাগটি সহজে খোলা ও বন্ধ করা যায় এমন হতে হবে।
হাতব্যাগের তালিকার বাইরে বিপজ্জনক সামগ্রী বহনের ক্ষেত্রেও রয়েছে কঠোর নিয়ম। অস্ত্র, বিস্ফোরক, গুলি, আতশবাজি, আগুন ধরাতে পারে এমন পদার্থ, দাহ্য তরল, গ্যাস, অ্যাসিড, পারদ, তরলযুক্ত ব্যাটারি, বিষাক্ত পদার্থ, কীটনাশক এবং তেজস্ক্রিয় পদার্থসহ বিভিন্ন জিনিস লাগেজে বহন নিষিদ্ধ। এ ধরনের কিছু জিনিস নির্দিষ্ট নিয়ম মেনে কার্গো বা পণ্য পরিবহনের মাধ্যমে পাঠানো যেতে পারে। তবে সেগুলোর ক্ষেত্রেও আলাদা বিধিনিষেধ রয়েছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, হাতব্যাগে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা জব্দ করা হবে এবং মালিককে ফেরত দেওয়া হবে না। তাই কাতার থেকে যাত্রা করা বা কাতার হয়ে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে এমন যাত্রীদের আগে থেকেই ব্যাগের জিনিসপত্র যাচাই করে নেওয়া জরুরি। এতে বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষার সময় অপ্রয়োজনীয় ঝামেলা ও ব্যক্তিগত জিনিস হারানোর ঝুঁকি এড়ানো সম্ভব হবে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।