বিদেশি কর্মীদের সন্তানদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা ট্রাম্পের, আদালতে আটকে গেল সেই উদ্যোগ
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করতে নতুন আদেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই আদেশ কার্যকর করতে বাধা দিয়েছেন আদালত। এতে বিদেশি সরকারি কর্মীদের সন্তানদের নাগরিকত্ব নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করতে ডোনাল্ড ট্রাম্পের নতুন উদ্যোগে আবারও বাধা দিয়েছেন আদালত। বিদেশি সরকারি কর্মী ও আন্তর্জাতিক সংস্থার কর্মীদের সন্তানদের নাগরিকত্ব না দেওয়ার পরিকল্পনাসহ কয়েকটি বিষয়ে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ কার্যকর না করার নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালত। বুধবারের এই রায়ে আদালত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া এবং দেশটির আইনের আওতায় থাকা শিশুদের নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। প্রেসিডেন্ট নিজের নির্বাহী আদেশ দিয়ে এই অধিকারের ক্ষেত্রে নতুন কোনো ব্যতিক্রম তৈরি করতে পারেন না।
গত ৬ আগস্ট ট্রাম্প নতুন নির্বাহী আদেশ জারি করেন। এর নাম দেওয়া হয় ‘আমেরিকান নাগরিকত্বের অর্থ ও মূল্য রক্ষা অব্যাহত রাখা’। এই আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও সীমিত করার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে, যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে আসা, বিদেশি সরকারের কর্মী এবং আন্তর্জাতিক সংস্থার কিছু কর্মীর সন্তানদের নাগরিকত্বের বিষয়টি এতে অন্তর্ভুক্ত করা হয়।
আদেশ অনুযায়ী, যেসব বিদেশি সরকারি কর্মী বা আন্তর্জাতিক সংস্থার কর্মীর কূটনৈতিক দায়মুক্তি নেই, তাঁদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব না দেওয়ার কথা বলা হয়েছিল। এ ছাড়া বাণিজ্যিক ব্যবস্থার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া এবং নির্দিষ্ট কিছু শত্রুপক্ষের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের সন্তানদের বিষয়েও বিধিনিষেধ আনার পরিকল্পনা ছিল।
ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে আদালতে মামলা করেন ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন শিশু ও তাঁদের অভিভাবকেরা। মামলাটি পর্যালোচনা করে ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক ক্রিস্টোফার কুপার ২৫ নভেম্বর আদেশটি কার্যকর করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেন। একই সঙ্গে যেসব শিশু এই আদেশের কারণে নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে পারে, তাদের নিয়ে করা মামলাটিকে দলগত মামলা হিসেবে গ্রহণ করেন আদালত।
বিচারক তাঁর পর্যবেক্ষণে বলেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগেই জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে। তাই দেশটির আইনের আওতায় থাকা শিশুদের নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার জন্য প্রেসিডেন্ট নতুন করে কোনো ব্যতিক্রম তৈরি করতে পারেন না। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো আদালত বাধা দিল। এর আগে গত সেপ্টেম্বর মাসে মেরিল্যান্ডের একটি ফেডারেল আদালতও আগস্টে জারি করা একই নির্বাহী আদেশ কার্যকর করতে সাময়িকভাবে বাধা দিয়েছিলেন। ফলে আদেশটি বাস্তবায়ন করতে হলে ট্রাম্প প্রশাসনকে দুই আদালতের দেওয়া বাধা কাটাতে হবে।
এর আগে ২০২৫ সালের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের দিনই ট্রাম্প আরেকটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। সেই আদেশে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যেসব শিশুর বাবা-মা মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী নন, তাদের জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার পরিকল্পনা করা হয়। তবে ২০২৬ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই উদ্যোগকে সংবিধানবিরোধী বলে বাতিল করে দেন।এরপরই ট্রাম্প নতুন করে আগস্ট মাসে আরেকটি আদেশ জারি করেন। কিন্তু এবারও আদালতের বাধার মুখে পড়ল তাঁর উদ্যোগ।
আদালতের সর্বশেষ সিদ্ধান্তের পর হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এই রায়ের সমালোচনা করেছেন। তাঁর দাবি, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া একজন বিচারক ট্রাম্পের নীতিগত উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে, মামলাকারীদের পক্ষে থাকা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনজীবীরা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের অধিকার নিয়ে ট্রাম্প প্রশাসন ও আদালতের মধ্যে আইনি বিরোধ আবারও সামনে এসেছে। তবে আদালতের এই আদেশের আওতায় থাকা শিশুদের ক্ষেত্রে ট্রাম্পের নতুন বিধিনিষেধ আপাতত কার্যকর করা যাবে না।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।