অন্তঃসত্ত্বা বন্দির কাণ্ড, খাবার কিনতে থামতেই কারারক্ষীদের গাড়ি নিয়ে পালালেন!
চিকিৎসা শেষে কারাগারে ফেরার পথে খাবার কিনতে গাড়ি থামিয়েছিলেন কারারক্ষীরা। সেই সুযোগে বন্দি পরিবহনের গাড়ি চালিয়ে পালিয়ে যান ২৬ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী।
সিনেমার গল্পকেও হার মানানো ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে। প্রসবপূর্ব চিকিৎসা শেষে কারাগারে ফেরার পথে বন্দি পরিবহনের গাড়ি নিয়ে পালিয়ে গেছেন ২৬ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী। তাঁর নাম রেবেকা টেইলর। ঘটনার পর থেকে তাঁকে খুঁজছে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আলবুকার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিউ মেক্সিকো কারা বিভাগের তথ্য অনুযায়ী, রেবেকা ও আরেক নারী বন্দিকে চিকিৎসা শেষে গ্রান্টসের ওয়েস্টার্ন নিউ মেক্সিকো কারেকশনাল ফ্যাসিলিটিতে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে ৯৮তম স্ট্রিটের কাছে একটি খাবারের দোকানে খাবার কিনতে গাড়ি থামান পরিবহন দলের সদস্যরা। এ সময় রেবেকা নিজের আসন থেকে উঠে চালকের আসনে গিয়ে ডজ জার্নি মডেলের গাড়িটি চালিয়ে পালিয়ে যান।
কারা বিভাগের মুখপাত্র ব্রিটানি রোমবাখ জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পরিবহনের সময় রেবেকার হাতে হাতকড়া পরানো হয়নি। ঘটনার সময় একজন কর্মকর্তা গাড়ির কাছে থাকলেও তিনি ভেতরে ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। গাড়িতে থাকা অপর নারী বন্দি নেমে যেতে সক্ষম হন এবং পরে তাঁকে আবার কারা বিভাগের হেফাজতে নেওয়া হয়।
পরে জিপিএসের মাধ্যমে দক্ষিণ-পশ্চিম আলবুকার্কের ক্রেস্টভিউ ড্রাইভ এলাকায় গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রেবেকাকে তখন গাড়িতে পাওয়া যায়নি। তাঁর পরনে থাকা কমলা রঙের কারাগারের পোশাকও পরে উদ্ধার করা হয়। আলবুকার্ক জার্নালের প্রতিবেদন অনুযায়ী, রেবেকা গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন। তিনি একাধিক চুরি ও সিঁধেল চুরির মামলায় ছয় বছরের সাজা ভোগ করছিলেন।
ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ মেক্সিকোর সব কারাগারে সাময়িক লকডাউন জারি করা হয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অধিকাংশ কারাগারে লকডাউন তুলে নেওয়া হলেও রেবেকা যে কারাগারে বন্দি ছিলেন, সেখানে চলাচলে বিধিনিষেধ ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। ২৬ নভেম্বর প্রকাশিত এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, রেবেকাকে খুঁজতে একাধিক সংস্থা অভিযান চালাচ্ছিল। বাস ও ট্রেন স্টেশনেও খোঁজ নেওয়া হচ্ছিল। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে তাঁকে দেখলে কাছে না গিয়ে জরুরি নম্বর ৯১১-এ খবর দিতে বলেছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।