ভারতে মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ, বুলডোজার জাস্টিস নিয়ে উদ্বেগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর
ভারতের বিভিন্ন রাজ্যে ‘বুলডোজার জাস্টিসের’ নামে মুসলিমদের বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য সম্পত্তি ভেঙে ফেলার ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তাদের দাবি, অনেক ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই এসব অভিযান চালানো হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থার মতে, এ ধরনের অভিযান অনেক ক্ষেত্রে অঘোষিত রাষ্ট্রীয় নীতির রূপ নিয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষ এসব অভিযানকে সরকারি জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ এবং অনুমোদনহীন স্থাপনা অপসারণের নিয়মিত কার্যক্রম হিসেবে ব্যাখ্যা করে আসছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও আইন বিশেষজ্ঞদের অভিযোগ, সাম্প্রদায়িক সংঘাত বা অপরাধের অভিযোগ ওঠার পর মুসলিমদের সম্পত্তি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা বিচারবহির্ভূত সামষ্টিক শাস্তির শামিল।
হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট ও আসামের মতো রাজ্যে সাম্প্রদায়িক সংঘাত, বিক্ষোভ কিংবা অপরাধের অভিযোগের পর মুসলিমদের মালিকানাধীন বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয় ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তদন্তেও যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনার অভিযোগ উঠে এসেছে। সংস্থাটির মতে, এসব ঘটনার ব্যাপকতা ও পুনরাবৃত্তি বিচারবহির্ভূত শাস্তির একটি অঘোষিত রাষ্ট্রীয় ব্যবস্থার ইঙ্গিত দেয়।
মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে বাসিন্দাদের আগাম লিখিত নোটিশ দেওয়া হয় না। এমনকি আদালতের নির্দেশনা কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সম্পত্তিকে সরকারি জমিতে অবৈধ দখল অথবা অনুমোদনহীন নির্মাণ বলে উল্লেখ করেন।
এদিকে ‘বুলডোজার জাস্টিসের’ প্রভাব সীমান্তবর্তী এলাকাগুলোতেও পড়েছে বলে অভিযোগ উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচের ‘বিশ্ব প্রতিবেদন ২০২৬’-এ বলা হয়েছে, গুজরাট ও আসামের মতো রাজ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসী উচ্ছেদের অজুহাতে বাংলাভাষী মুসলিমদের দখলে থাকা হাজার হাজার স্থাপনা ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এসব অভিযানের পাশাপাশি দেড় হাজারের বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানো বা বিতাড়িত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পরবর্তী সময়ে ভারতের নাগরিক হিসেবে প্রমাণিত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
তবে ধর্মীয় বৈষম্যের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বক্তব্য, পৌরসভার আইন অনুযায়ী সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধেই এসব অভিযান পরিচালনা করা হয়।
রাজ্য কর্মকর্তারাও বুলডোজার ব্যবহারের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, দাঙ্গাবাজ, দুষ্কৃতকারী এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এটি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা।
এদিকে নির্বিচারে স্থাপনা ধ্বংসের বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে ‘জমিয়ত উলামা-ই-হিন্দ বনাম ভারত সরকার’ মামলায় আদালত রায় দেন, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যথেচ্ছভাবে বাড়িঘর ভেঙে ফেলা অসাংবিধানিক।
আদালতের নির্দেশনায় বলা হয়, কোনো স্থাপনা ভাঙার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগাম নোটিশ দিতে হবে এবং আত্মপক্ষ সমর্থন বা শুনানির সুযোগ নিশ্চিত করতে হবে।
তবে সুপ্রিম কোর্টের ওই নির্দেশনার পরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ও হিউম্যান রাইটস ওয়াচ। ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন পর্যবেক্ষণে সংস্থাগুলো জানিয়েছে, পর্যাপ্ত নোটিশ ও পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই ভারতের বিভিন্ন রাজ্যে গণ-উচ্ছেদ এবং স্থাপনা ভাঙার অভিযান অব্যাহত রয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।