আবুধাবিতে প্রভাবশালীদের নাম ব্যবহার করে ১৪ মিলিয়ন দিরহামের স্বর্ণালংকার নিয়ে প্রতারণা, গ্রেপ্তার
প্রভাবশালী ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিনিধি পরিচয় দিয়ে দোকান থেকে বাকিতে স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রায় ১৪ মিলিয়ন দিরহামের গয়না নিয়ে প্রতারণার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করেছে আবুধাবি পুলিশ।
আবুধাবিতে প্রভাবশালী ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিনিধি পরিচয় দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার সংগ্রহ করে টাকা না দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রায় ১ কোটি ৪০ লাখ দিরহাম মূল্যের স্বর্ণালংকার নিয়ে প্রতারণার তথ্য সামনে এসেছে। আবুধাবি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রায় ছয় মাস আগে শহরের একটি স্বর্ণালংকারের দোকান থেকে বিপুল পরিমাণ গয়না সংগ্রহ করেন। এ সময় তিনি নিজেকে সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন পরিচিত ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।
দোকানমালিকের অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি গয়নার মূল্য পরে পরিশোধ করার আশ্বাস দিয়েছিলেন। এ জন্য গয়না নেওয়ার সময় বিভিন্ন চালানও তৈরি করা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি টাকা পরিশোধ করেননি। একপর্যায়ে দোকানমালিক পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই আবুধাবি পুলিশ বিশেষ তদন্ত দল গঠন করে। তদন্তকারীরা বিভিন্ন তথ্য, নথিপত্র ও প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত করার চেষ্টা করেন। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর অবস্থান শনাক্ত করতে সক্ষম হন তাঁরা।
তদন্তে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজে ছাড়াও অন্য কয়েকজনকে দিয়ে দোকান থেকে স্বর্ণালংকার সংগ্রহ করাতেন। পরে পুলিশ আবুধাবির একটি বাড়ির সঙ্গে যুক্ত আলাদা একটি কক্ষে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালায় এবং তাঁকে গ্রেপ্তার করে। ওই স্থানে তল্লাশি চালিয়ে পুলিশ কয়েকটি বাক্সে রাখা স্বর্ণালংকার, বিভিন্ন চালান এবং প্রতারণার ঘটনার সঙ্গে সম্পর্কিত নথিপত্র উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অবশিষ্ট গয়নাগুলো বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
তবে উদ্ধার করা গয়নার সঠিক পরিমাণ ও মূল্য এবং এ ঘটনায় অন্য কেউ গ্রেপ্তার হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। এদিকে, এ ঘটনার পর স্বর্ণ ও গয়নার ব্যবসায়ীদের সতর্ক করেছে আবুধাবি পুলিশ। বিশেষ করে কেউ নিজেকে কোনো ব্যবসায়ী, প্রতিষ্ঠানের মালিক কিংবা প্রভাবশালী ব্যক্তির প্রতিনিধি পরিচয় দিলে তাঁর পরিচয় ও সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে কাজ করার বৈধ অনুমতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ আরও বলেছে, শুধু মুখের কথায় বা পরে টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে দামি পণ্য তুলে দেওয়া উচিত নয়। পণ্য হস্তান্তরের আগে নিরাপদ ও অনুমোদিত পদ্ধতিতে মূল্য পরিশোধ নিশ্চিত করতে হবে। কোনো সন্দেহজনক লেনদেন বা প্রতারণার চেষ্টা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের সতর্কতা এবং সঠিকভাবে লেনদেন যাচাইয়ের মাধ্যমে এ ধরনের প্রতারণা প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।