নাসার আন্তর্জাতিক রোভার প্রতিযোগিতায় জায়গা করে নিল বাংলাদেশের শিক্ষার্থীদের দল
নাসার আন্তর্জাতিক রোভার প্রতিযোগিতা ‘হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ’ (HERC) ২০২৭-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের ঢাকার শিক্ষার্থীদের দল বাংলাদেশ ইন্টারপ্ল্যানেটারি রোভার টিম। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাঁদের প্রতিকূল পরিবেশে চলাচল করতে সক্ষম একটি রিমোট-কন্ট্রোলড রোভার তৈরি করছে দলটি। আগামী বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের আলাবামায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
মহাকাশে মানুষের অভিযানকে আরও সহজ ও নিরাপদ করতে এবার রোভার তৈরির চ্যালেঞ্জ নিয়েছে বাংলাদেশের একদল শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) ২০২৭ সালের ‘হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ’ (HERC)-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে ঢাকার বাংলাদেশ ইন্টারপ্ল্যানেটারি রোভার টিম।
আন্তর্জাতিক এই প্রকৌশল প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এমন যান তৈরি, পরীক্ষা ও পরিচালনা করতে হয়, যা চাঁদ বা অন্য গ্রহের প্রতিকূল ও অসমতল পরিবেশে চলাচল করতে সক্ষম। প্রতিযোগিতার মিডল/হাই স্কুল রিমোট কন্ট্রোলড বিভাগে অংশ নিচ্ছে দলটি। নাসার প্রকাশিত তালিকা অনুযায়ী, এই বিভাগে নির্বাচিত ১৩টি স্কুল ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশের এই দল।
২০২৭ সালের ২২ থেকে ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের হান্টসভিলে অবস্থিত ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। তবে এরই মধ্যে শুরু হয়েছে দলটির প্রস্তুতি। নাসার প্রকৌশল ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণ করে কার্যকর রোভার তৈরি করাই এখন তাদের প্রধান লক্ষ্য।
শূন্য থেকে রোভার তৈরির চ্যালেঞ্জ
গ্রহের অজানা ও অসমতল ভূমিতে নিরাপদে চলাচল করতে পারে এমন একটি যান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষার্থীরা। এ জন্য তারা তৈরি করছে বিশেষ চ্যাসিস এবং ডাবল উইশবোন সাসপেনশন ব্যবস্থা, যা অসমতল ভূমিতে চাকার ভারসাম্য ও চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করবে।
রোভারটি দূরনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি প্রতিযোগিতার নির্ধারিত শর্ত অনুযায়ী, ব্যবহারের জন্য প্রস্তুত অবস্থায় যানটিকে ২ দশমিক ৫ ফুট দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার একটি ঘনকের মধ্যে রাখা সম্ভব হতে হবে।
প্রতিযোগিতার পথে থাকবে পাথর, ফাটল, আলগা মাটি ও অসমতল ভূমির মতো চাঁদের পরিবেশের আদলে তৈরি বিভিন্ন বাধা। এসব বাধা অতিক্রম করার পাশাপাশি নির্ধারিত মিশনও সম্পন্ন করতে হবে রোভারটিকে।
দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সীমিত আকারের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখা, শক্তিশালী সাসপেনশন তৈরি এবং নির্ভরযোগ্য ড্রাইভট্রেন ব্যবস্থা নিশ্চিত করা। বিশেষায়িত যন্ত্রাংশের পরিবর্তে স্থানীয়ভাবে পাওয়া উপকরণ ব্যবহার করেই এসব প্রযুক্তি তৈরি করছেন তারা।
দলটির প্রধান শাফি বিন সুলতান বলেন, ঢাকার একটি শিক্ষার্থী দল নিজ উদ্যোগে মহাকাশ অভিযানের উপযোগী রোভার তৈরি করছে বিষয়টি অনেকের কাছেই বিস্ময়কর। আন্তর্জাতিক পর্যায়ের বড় বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের মতো উচ্চ বাজেট ছাড়াই তারা স্থানীয়ভাবে সাসপেনশন ও ড্রাইভট্রেনের বিশেষ যন্ত্রাংশ তৈরি করছেন।
তিনি জানান, রাত জেগে প্রাথমিক নকশা তৈরি, নিজ উদ্যোগে সিএডি (CAD) মডেলিং শেখা এবং মহাকাশ প্রকৌশলের বিশেষ যন্ত্রাংশের সীমিত প্রাপ্যতা মোকাবিলার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়।
এর আগে মালয়েশিয়ায় তাদের তৈরি ‘জেফিরন ভি৩’ (Zephyron V3) রোভার আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন করে। শাফির ভাষ্য, এই অর্জনই তাদের নাসার প্রতিযোগিতায় অংশ নেওয়ার আত্মবিশ্বাস ও প্রযুক্তিগত ভিত্তি তৈরি করে দেয়।
নেতৃত্ব ও পরামর্শক দলে যারা রয়েছেন
শাফি বিন সুলতানের সঙ্গে তার ভাই ও দলের সহ-প্রধান সাবিক বিন সুলতান কাজ করছেন। পাঁচ সদস্যের এই শিক্ষার্থী দলে মেকানিক্যাল লিড ও রোভার পাইলট হিসেবে রয়েছেন সাফওয়ান সাদাদ।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মারিয়া সুলতান দলের নারী পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের শিক্ষার্থী অরণ্য আবির খান প্রাপ্য দলের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিরাপত্তা ও প্রয়োজনীয় নথিপত্রের দায়িত্বে রয়েছেন।
দলটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক ও প্রিফেক্ট অব ডিসিপ্লিন সুদেব চন্দ্র পাল। কারিগরি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র প্রভাষক ফুয়াদ আলহাসান।
প্রতিযোগিতার বাইরেও রয়েছে বড় লক্ষ্য
শিক্ষার্থীদের লক্ষ্য কেবল নাসার প্রতিযোগিতায় ভালো করা নয়। তাদের তৈরি প্রযুক্তি ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন বাস্তব সমস্যার সমাধানেও কাজে লাগতে পারে বলে মনে করছেন দলের সদস্যরা।
শাফি বিন সুলতান বলেন, বিপজ্জনক গ্রহপৃষ্ঠে নভোচারীদের জীবন ঝুঁকিতে না ফেলে অনুসন্ধানের জন্য রোভারের যেসব প্রযুক্তি তৈরি করা হচ্ছে, সেগুলো দুর্যোগে উদ্ধার অভিযান, কৃষি পর্যবেক্ষণ এবং বন্যাপ্রবণ ও দুর্গম এলাকায় চলাচলের ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণ প্রকৌশলীরা যে আন্তর্জাতিক মহাকাশ প্রযুক্তির প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারেন, এই উদ্যোগ তারই উদাহরণ। এর মাধ্যমে দেশের হাজারো শিক্ষার্থী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (STEM) শিক্ষায় আগ্রহী হবে বলে আশা করছেন তারা।
সামনে যেসব চ্যালেঞ্জ
নাসার প্রতিযোগিতায় নির্বাচিত হওয়াকে প্রাথমিক সাফল্য হিসেবে দেখছে দলটি। চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে নকশা পর্যালোচনা, পরিচালনাগত প্রস্তুতি এবং নিরাপত্তা যাচাইসহ একাধিক ধাপ অতিক্রম করতে হবে।
নাসার প্রকাশিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের ৮ অক্টোবর নির্বাচিত দলগুলোকে অবহিত করা হয়। ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয় উদ্বোধনী ও ডিজাইন রিভিউবিষয়ক ব্রিফিং। আগামী ২৪ নভেম্বরের মধ্যে নকশা পর্যালোচনা প্রতিবেদন ও উপস্থাপনা জমা দিতে হবে। এরপর ৩০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত নাসার বিশেষজ্ঞ প্যানেলের সামনে উপস্থাপনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সবশেষে ২০২৭ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।
এখন বাংলাদেশ ইন্টারপ্ল্যানেটারি রোভার টিমের প্রধান লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে রোভার তৈরি, নাসার কারিগরি ও নিরাপত্তার শর্ত পূরণ এবং যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করা।
চাঁদে পৌঁছানো এখনো অনেক দূরের স্বপ্ন। তবে ঢাকার একদল শিক্ষার্থীর হাত ধরে চাঁদের প্রতিকূল পরিবেশে চলার প্রযুক্তি তৈরির স্বপ্ন বাস্তবের আরও কাছাকাছি পৌঁছেছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।