এআই প্রযুক্তির বিপদ ঠেকাতে চীনের সঙ্গে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও নিরাপত্তাঝুঁকি কমাতে একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। উন্নত প্রযুক্তি পরীক্ষা এবং বড় ধরনের বিপদের খবর দ্রুত আদান-প্রদানের বিষয়েও আলোচনা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে তৈরি হতে পারে এমন নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় চীনের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। উন্নত প্রযুক্তির ব্যবহার নিরাপদ রাখা এবং বড় ধরনের বিপদের ঘটনা দ্রুত একে অপরকে জানানোর বিষয়ে দুই দেশ কাজ করছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কবিষয়ক একটি অনুষ্ঠানে এসব কথা জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বেসেন্ট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, এই প্রযুক্তির কারণে দুই দেশের জন্য তৈরি হতে পারে এমন সাধারণ ঝুঁকি কমানো এবং ভুল বোঝাবুঝি এড়ানো।
আলোচনার অংশ হিসেবে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ব্যবস্থা সাধারণ মানুষের ব্যবহারের আগে কীভাবে পরীক্ষা ও নিরাপত্তা যাচাই করা যায়, সে বিষয়ে দুই দেশ নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবে। পাশাপাশি প্রযুক্তির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন মানুষের নিয়ন্ত্রণেই থাকে, সেটিও নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বেসেন্ট আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে গুরুতর কোনো নিরাপত্তা সমস্যা তৈরি হলে দুই দেশ যেন দ্রুত একে অপরকে জানাতে পারে, সে জন্য সরাসরি যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে বড় ধরনের প্রযুক্তিগত বিপদ সম্পর্কে দ্রুত সতর্ক করা সম্ভব হবে।
আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বেসেন্টও ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাবেন বলে জানিয়েছেন।
তবে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা ও স্বার্থের পার্থক্য এখনো রয়েছে। বেসেন্ট স্পষ্ট করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার অর্থ এই নয় যে দুই দেশের সব বিষয়ে মতের মিল হবে।বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনের এই উদ্যোগ প্রযুক্তির ঝুঁকি মোকাবিলায় দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।