ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নারীরা, শিখছেন অস্ত্র চালানো ও আত্মরক্ষার কৌশল
ইরানের রাজধানী তেহরানে নারীদের জন্য বিশেষ সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু হয়েছে। সেখানে অস্ত্র চালানো, দেয়াল বেয়ে ওঠা ও বিভিন্ন সামরিক অনুশীলন করছেন স্বেচ্ছাসেবী নারীরা।
ইরানের রাজধানী তেহরানে নারীদের জন্য বিশেষ সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়েছে। গত ১০ নভেম্বর আজাদি স্কয়ারে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়। সেখানে স্বেচ্ছাসেবী নারীদের অস্ত্র চালানো, দেয়াল বেয়ে ওঠা এবং দড়ি ব্যবহার করে উঁচু জায়গা থেকে নিচে নামার প্রশিক্ষণ নিতে দেখা গেছে। প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন অনুশীলন করছেন। কেউ দেয়াল বেয়ে নামছেন, আবার কেউ দড়ি ব্যবহার করে বাধা পার হওয়ার অনুশীলন করছেন। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কেন্দ্রটি ইরানের ‘জানফাদা’ নামের একটি স্বেচ্ছাসেবী কর্মসূচির অংশ। এই কর্মসূচির মাধ্যমে দেশের সাধারণ মানুষকে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত করা হচ্ছে। এর আওতায় সামরিক প্রশিক্ষণের পাশাপাশি জরুরি উদ্ধারকাজ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রশিক্ষণও রয়েছে।
ইরানের কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা হলে দেশের প্রতিরক্ষায় সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবীদের প্রস্তুত করা হচ্ছে। তবে এই প্রশিক্ষণকে নিয়মিত সেনাবাহিনীতে নারীদের বাধ্যতামূলক নিয়োগ হিসেবে দেখার সুযোগ নেই। এটি স্বেচ্ছায় অংশ নেওয়া ব্যক্তিদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি।
ইরানে পুরুষদের জন্য সামরিক চাকরি বাধ্যতামূলক হলেও নারীদের জন্য তা বাধ্যতামূলক নয়। দেশটির নারীরা সাধারণত সামরিক বাহিনীতে সহায়ক বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। নতুন প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে নারীদের সামরিক প্রস্তুতি ও দেশের প্রতিরক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানে এই প্রশিক্ষণকেন্দ্র চালু হলো। তবে এই উদ্যোগের মাধ্যমে ইরানের সব নারীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।