নাগরিকত্বের আবেদনপত্রে নতুন প্রশ্ন যোগ করতে চায় যুক্তরাষ্ট্রের অভিবাসন দপ্তর
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আবেদনকারীদের কাছ থেকে আরও কিছু তথ্য জানতে চায় অভিবাসন কর্তৃপক্ষ। নতুন পরিকল্পনা অনুযায়ী, সরকারি সহায়তা নেওয়া এবং পরিবারের দায়িত্ব পালনের বিষয়ে আবেদন ফরমে নতুন প্রশ্ন যুক্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন ফরমে নতুন প্রশ্ন যুক্ত করার পরিকল্পনা করছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর। নতুন প্রশ্নের মাধ্যমে আবেদনকারীরা সরকারি সহায়তা নিয়েছেন কি না এবং পরিবারের নির্ভরশীল সদস্যদের দায়িত্ব পালন করেছেন কি না, সে বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হবে। এর আগে ৪ নভেম্বর নাগরিকত্বের আবেদন যাচাই নিয়ে নতুন নির্দেশনা প্রকাশ করে নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর। সেই নির্দেশনার অংশ হিসেবে আবেদন ফরম পরিবর্তনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, আবেদনকারীরা সরকারি খাদ্য সহায়তা বা বাসস্থানের সহায়তা নিয়েছেন কি না, পরিবারের সন্তান বা অন্য নির্ভরশীল সদস্যদের ভরণপোষণের দায়িত্ব পালন করেছেন কি না এবং অন্য কাউকে যুক্তরাষ্ট্রে আনার সময় আর্থিক সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন কি না—এসব বিষয়ে তথ্য জানতে পারে কর্তৃপক্ষ।
নাগরিকত্বের আবেদন যাচাইয়ের সময় এসব বিষয় বিবেচনায় নেওয়া হতে পারে। বিশেষ করে কেউ ইচ্ছাকৃতভাবে পরিবারের দায়িত্ব পালন না করলে, সরকারি সুবিধা পেতে প্রতারণা করলে অথবা অন্যকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করলে তা তাঁর নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা যাচাইয়ে প্রভাব ফেলতে পারে। তবে সরকারি সহায়তা বৈধভাবে নিলেই নাগরিকত্ব পাওয়া যাবে না, এমন কোনো নিয়ম করা হয়নি। আবেদনকারীর পরিস্থিতি ও সংশ্লিষ্ট তথ্য আলাদাভাবে যাচাই করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এখনো নতুন আবেদন ফরম প্রকাশ করা হয়নি। কবে থেকে নতুন প্রশ্ন যুক্ত হবে, সে বিষয়েও কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। নতুন নির্দেশনার বিস্তারিত এবং সংশোধিত ফরম প্রকাশের পর আবেদনকারীরা আরও পরিষ্কারভাবে জানতে পারবেন, তাঁদের কাছ থেকে কী কী তথ্য চাওয়া হবে। নাগরিকত্বের আবেদন করার পরিকল্পনা করছেন এমন ব্যক্তিদের তাই নতুন ফরম প্রকাশের বিষয়ে নজর রাখা জরুরি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।