ফ্রান্সে আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে দুই বছর বয়সী বাংলাদেশি শিশু নিহত, আহত ৭
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠ অবারভিলিয়েতে আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে দুই বছর বয়সী বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে গ্যাস লিক থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফরাসি কর্তৃপক্ষ।
ফ্রান্সের অবারভিলিয়ের রু পল-ভারলেন এলাকার একটি আবাসিক ভবনে শনিবার রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে দুই বছর বয়সী বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
নাহিলের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এমন মর্মান্তিক ঘটনায় একটি নিষ্পাপ শিশুর প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে নাহিলের পরিবারের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এদিকে দুর্ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের খোঁজখবর নিতে দূতাবাসের দ্বিতীয় সচিব শারহাদ শাকিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করছে।
প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি নিহত ও আহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
দূতাবাস জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনের ভিত্তিতে প্রয়োজনীয় কনস্যুলার ও অন্যান্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফরাসি কর্তৃপক্ষের বরাতে দূতাবাস আরও জানায়, গ্যাস লিক থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে ফরাসি কর্তৃপক্ষের বিচার বিভাগীয় তদন্ত চলছে।
বিস্ফোরণে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। পাশাপাশি নাহিলের পরিবারের সদস্যরা যেন এই অপূরণীয় শোক কাটিয়ে ওঠার শক্তি পান, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।