ছাদের অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ বাড়াতে সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি ইঞ্চি ছাদ হোক বিদ্যুৎ উৎপাদনের উৎস—এই লক্ষ্য সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬।
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরির লক্ষ্যে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।
‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রদর্শনীতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন, আধুনিক সৌরপ্রযুক্তি এবং বিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যাটারি প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন তুলে ধরা হচ্ছে।
প্রথমবারের মতো যৌথভাবে এ আয়োজন করেছে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। এক্সপোর মূল উদ্দেশ্য হলো দেশের সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, ছাদের অব্যবহৃত জায়গাকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি-বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা।
প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ উৎপাদনের আধুনিক যন্ত্রপাতি, ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তি, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা এবং বিনিয়োগের বিভিন্ন সুযোগ তুলে ধরা হয়েছে। পাশাপাশি সরকারি প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সবুজ অর্থায়ন, জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সভাপতিত্ব করেন। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ আয়োজন জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নে সহায়তা করবে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং সাধারণ মানুষকে ধারণা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমানো, বিকল্প জ্বালানির উৎস তৈরি এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সৌরবিদ্যুতের সম্ভাবনাকে সামনে আনছে এবারের আয়োজন।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।