মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থ্যাংকসগিভিং: ‘গবল’ ও ‘ওয়াডল’ টার্কিকে ক্ষমা, রক্ষা পেল উৎসবের মেনু থেকে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাংকসগিভিং উপলক্ষে এ বছরও পালন করলেন হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী টার্কি ক্ষমা অনুষ্ঠান। রাজধানীর ব্যস্ত রাজনৈতিক আবহে হাস্যরসের ছোঁয়া এনে তিনি ‘গবল’ ও ‘ওয়াডল’ নামের দুই বিশাল টার্কিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা ঘোষণা করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থ্যাংকসগিভিং: ‘গবল’ ও ‘ওয়াডল’ টার্কিকে ক্ষমা, রক্ষা পেল উৎসবের মেনু থেকে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দুই বিশাল সাদা পালকের টার্কি—'গবল' ও ‘ওয়াডল’—কে ক্ষমা ঘোষণা করেছেন, যার ফলে তারা থ্যাংকসগিভিং উৎসবের খাবার টেবিল থেকে রক্ষা পেয়েছে। এই মেয়াদে ট্রাম্পের দেওয়া ক্ষমার সংখ্যা ১,৬০০-রও বেশি।
দুই পাখির প্রতিটির ওজন ছিল ৫০ পাউন্ডের (২৩ কেজি) বেশি। নর্থ ক্যারোলিনার একটি খামারে বড় হওয়া টার্কিগুলো ক্ষমা ঘোষণার আগের রাতে হোয়াইট হাউসের পাশের বিলাসবহুল উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশেষ বিছানায় রাত কাটায়। ১৯৮৯ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ যে বার্ষিক ঐতিহ্য শুরু করেছিলেন, তার অংশ হিসেবেই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ট্রাম্প মজা করে বলেন, তিনি প্রথমে টার্কিগুলোর নাম ‘চাক’ এবং ‘ন্যান্সি’ রাখতে চেয়েছিলেন—ডেমোক্র্যাট সিনেট মাইনরিটি লিডার চাক শুমার এবং সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির নাম অনুসারে।
“কিন্তু পরে বুঝলাম, তাহলে তো আমি তাদের ক্ষমা করতামই না,” রসিকতা করে বলেন ট্রাম্প। “ও দুইজনকে আমি কখনও ক্ষমা করব না।”
ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমা দিয়েছেন ২০২০ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর ফল উল্টাতে তার প্রচেষ্টায় জড়িত সহযোগী ব্যক্তিদের এবং ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় জড়িত প্রায় ১,৫০০ জনকে।
এদিকে, আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে সংবাদ শিরোনামে উঠে আসা জীবনযাত্রার ব্যয় ইস্যুতে ট্রাম্প আবারও দাবি করেন—এ বছরের থ্যাংকসগিভিং খাবার আমেরিকানদের জন্য আরও সাশ্রয়ী হবে। তিনি ওয়ালমার্টের এক গবেষণার উদ্ধৃতি দেন, যেখানে দেখা গেছে গত বছরের তুলনায় থ্যাংকসগিভিং খাবারের খরচ ২৫ শতাংশ কমেছে। তবে সাশ্রয়ী করার জন্য কিছু খাবারের বিকল্প বেছে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন গত সপ্তাহে জানায়, খরচ কমেছে ৫ শতাংশ, মোট ব্যয় দাঁড়িয়েছে ৫৫.১৮ ডলার।
ট্রাম্প আরও দাবি করেন, তিনি গত বছর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমা দেওয়া ‘পিচ’ ও ‘ব্লসাম’ নামের টার্কি দুটোকেও আবার ক্ষমা করেছেন। ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী বাইডেনকে আক্রমণ করে তিনি অভিযোগ করেন—তখনকার ক্ষমা ঘোষণায় নাকি স্বয়ংক্রিয় সাইনিং ডিভাইস ব্যবহৃত হয়েছিল, যার ফলে তা “অবৈধ”।
ন্যাশনাল টার্কি ফেডারেশনের বরাত দিয়ে জানানো হয়, এ বছর ক্ষমাপ্রাপ্ত 'গবল' ও 'ওয়াডল' বাকি জীবন কাটাবে নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির কৃষি কলেজে।