প্রতিটি শিশুকে দুটি করে স্পেসএক্স শেয়ার দেবেন ইলন মাস্ক, যুক্তরাষ্ট্রে উপহারের মূল্য ১৮ বিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এর মধ্যে একটি শেয়ার দেবে স্পেসএক্স এবং অন্যটি নিজের ব্যক্তিগত মালিকানা থেকে দেবেন তিনি। বর্তমান শেয়ারমূল্য অনুযায়ী, এই উপহারের মোট আর্থিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন মাস্ক। তিনি জানান, প্রতিটি শিশু স্পেসএক্সের কাছ থেকে একটি এবং তার ব্যক্তিগত মালিকানা থেকে আরও একটি শেয়ার পাবে। তবে কীভাবে বা কোন প্রক্রিয়ায় এসব শেয়ার বিতরণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে বুধবার স্পেসএক্স জানায়, বর্তমানে সক্রিয় প্রতিটি ট্রাম্প অ্যাকাউন্টে কোম্পানির নতুন ইস্যু করা 'ক্লাস এ' কমন স্টকের একটি করে শেয়ার দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে দেওয়া শেয়ারের সমপরিমাণ শেয়ার ব্যক্তিগত মালিকানা থেকেও দেবেন মাস্ক।
১৮ বছরের কম বয়সী মার্কিন নাগরিকদের শেয়ারবাজারে অংশীদারত্ব তৈরি এবং অল্প বয়স থেকেই সম্পদ গড়ে তুলতে সহায়তার উদ্দেশ্যে ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচি চালু করা হয়েছে। গত অক্টোবরে হোয়াইট হাউস জানায়, এ কর্মসূচির আওতায় প্রায় ৭ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।
বুধবার স্পেসএক্সের প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। সেই হিসাবে মাস্কের প্রতিশ্রুত শেয়ারগুলোর মোট আর্থিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার।
তবে মাস্কের দেওয়া শেয়ারগুলো ট্রাম্প অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে কি না কিংবা শেয়ার বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের কোনো নিষেধাজ্ঞা থাকবে কি না, তা জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি স্পেসএক্স।
ব্রোকারেজ প্রতিষ্ঠান মিট্রেড গ্রুপের গ্লোবাল মার্কেটস উপদেষ্টা ক্রিস্টোফার ব্রাঙ্কিন বলেন, এ উদ্যোগের ফলে দীর্ঘ মেয়াদে বিপুলসংখ্যক সাধারণ বিনিয়োগকারী শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হবেন। এতে শেয়ারবাজারে মানুষের অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি নতুন প্রজন্ম প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেডিং প্ল্যাটফর্মগুলোর জন্য বিপুলসংখ্যক আর্থিকভাবে সচেতন গ্রাহক তৈরি হবে।
প্রায় ৮২৪ বিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক গত মাসেও যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের নিজের মালিকানাধীন একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত জুন পর্যন্ত কোম্পানিটিতে তার মালিকানায় ছিল প্রায় ৬ দশমিক ৪২ বিলিয়ন শেয়ার।
সে সময় এক্সে দেওয়া পোস্টে মাস্ক বলেছিলেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের তার মালিকানাধীন একটি করে শেয়ার দেবেন। এটি হবে অনেক উদ্যোগের প্রথমটি।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ অর্থনীতির অংশীদারত্ব হিসেবে সরাসরি মানুষের হাতে শেয়ার তুলে দেওয়াই সঠিক পথ।
এদিকে গত অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তার স্বামীও ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির আওতায় ২০ লাখের বেশি শিশুকে তাদের মালিকানাধীন স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।