ব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের ঘিরে নতুন শিক্ষা-কর, বাড়তে পারে বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ
২০২৮-২৯ শিক্ষাবর্ষ থেকে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রত্যেক আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য বছরে ৯২৫ পাউন্ড পর্যন্ত নতুন কর দিতে হবে। এর প্রভাব পড়তে পারে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার খরচে।
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন আর্থিক পরিবর্তনের প্রস্তুতি চলছে। ২০২৮-২৯ শিক্ষাবর্ষ থেকে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষা-কর দিতে হবে। সরকারের এই সিদ্ধান্তের প্রভাব ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ফি ও অন্যান্য খরচের ওপর পড়তে পারে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের তথ্য এবং হাউস অব কমন্স লাইব্রেরির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রত্যেক আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য বছরে ৯২৫ পাউন্ড করে দিতে হবে। তবে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম ২২০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য এই কর দিতে হবে না।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই অর্থ উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে পুনরায় বিনিয়োগ করা হবে। এর একটি অংশ দিয়ে যোগ্য শিক্ষার্থীদের জন্য আয়ভিত্তিক রক্ষণাবেক্ষণ অনুদান বা পড়াশোনার সময় জীবনযাত্রার খরচে সহায়তা চালু করার পরিকল্পনা রয়েছে।
তবে নতুন কর সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে না; এটি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপ করা হবে। কিন্তু সরকারের প্রভাব মূল্যায়নে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলো এই অতিরিক্ত ব্যয়ের একটি অংশ শিক্ষার্থীদের ফি বাড়ানোর মাধ্যমে সমন্বয় করতে পারে। এ কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বাড়ার আশঙ্কা রয়েছে।
সরকারের প্রভাব মূল্যায়নে আরও অনুমান করা হয়েছে, নতুন ব্যবস্থার প্রথম বছরে প্রায় ৪৪৫ মিলিয়ন পাউন্ড আয় হতে পারে। একই সঙ্গে অতিরিক্ত ব্যয়ের কারণে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ হাজার কমতে পারে।
১৮ নভেম্বর ২০২৬ তারিখে পার্লামেন্টে দেওয়া এক লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী জশ ম্যাকঅ্যালিস্টার জানান, ২০২৮-২৯ শিক্ষাবর্ষ থেকে এই কর কার্যকর হবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ইরাসমাস প্লাস কর্মসূচির আওতায় আসা শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে এই কর দিতে হবে না। অন্যান্য কিছু আন্তর্জাতিক শিক্ষার্থীকে ছাড় দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে।
এদিকে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের সর্বোচ্চ অবস্থান থেকে কমেছে। হাউস অব কমন্স লাইব্রেরির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৮৫ হাজার ৫৬৫ জন। ২০২২-২৩ শিক্ষাবর্ষের সর্বোচ্চ সংখ্যার তুলনায় এটি ১০ শতাংশ কম।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। যারা আগামী কয়েক বছরে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন, তাদের বিশ্ববিদ্যালয় নির্বাচন, বৃত্তির সুযোগ, টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয় সম্পর্কে আগেই ধারণা নেওয়া প্রয়োজন।
তবে মনে রাখতে হবে, নতুন করটি আপাতত ইংল্যান্ডের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত। স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে একই নিয়ম স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়।
নতুন কর কার্যকর হতে এখনো সময় বাকি। তাই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ফি কীভাবে নির্ধারণ করবে, তা চূড়ান্তভাবে জানা যাবে পরবর্তী নীতিমালা ও প্রতিষ্ঠানগুলোর ঘোষণার পর।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।