ব্রেকিং
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছন থেকে ৩ বছরের শিশু আদিবার মরদেহ উদ্ধারজন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ট্রাম্পের নতুন চেষ্টা আটকে দিলেন মার্কিন ফেডারেল বিচারকব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের ঘিরে নতুন শিক্ষা-কর, বাড়তে পারে বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচবাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসতে চান? ভ্রমণ, পড়াশোনা ও চাকরির ভিসায় যেসব নিয়ম জানতে হবেব্রিটেনে অনলাইন চাকরির বিজ্ঞপ্তি বাড়লেও কমেছে শূন্য পদ, কোন খাতে মিলছে বেশি কাজের সুযোগ?

উচ্ছেদ অভিযানেও দখলমুক্ত হচ্ছে না বগুড়ার ফুটপাত-সড়ক

বগুড়া নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে একের পর এক উচ্ছেদ অভিযান চালিয়েও স্থায়ী সমাধান পাচ্ছে না সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ। অভিযান শেষ হতে না হতেই আবারও ফুটপাত ও সড়কের ওপর বসছে হকারদের দোকান। অন্যদিকে, ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচল ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাড়ছে যানজট। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়ছেন নগরবাসী।

বগুড়া নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে বসেছে হকারদের দোকান, সৃষ্টি হচ্ছে যানজট।
বগুড়া নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে বসেছে হকারদের দোকান, সৃষ্টি হচ্ছে যানজট।

নগরের সাতমাথা, বড়গোলা, স্টেশন রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন হকাররা। পাশাপাশি বিভিন্ন যানবাহনের অবাধ চলাচল ও অবৈধ পার্কিংয়ের কারণে এসব এলাকায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে ভোগান্তি বেশি।

ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে বগুড়া সিটি করপোরেশন এবং ট্রাফিক বিভাগ বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করছে। তবে এসব অভিযানে সাময়িকভাবে দখলমুক্ত হলেও স্থায়ী সমাধান মিলছে না। অভিযান শেষ হওয়ার পরপরই অনেক এলাকায় আবারও আগের পরিস্থিতি ফিরে আসছে।

অভিযান পরিচালনা করতে গিয়ে সিটি করপোরেশনের কর্মীদের বাধা ও হামলার শিকার হওয়ার অভিযোগও রয়েছে। অবৈধ দখল উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে কর্মীদের ওপর হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প জায়গা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নির্ধারিত স্থানে যেতে অনীহা প্রকাশ করছেন অনেক হকার। ফলে পুনর্বাসন ও উচ্ছেদ কার্যক্রমের মধ্যে সমন্বয় করা কঠিন হয়ে পড়ছে।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানান, নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করা এবং যানজট নিরসনে প্রশাসন বদ্ধপরিকর।

তিনি বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। সেখানে অবৈধভাবে দোকানপাট বসানো কিংবা সড়কের ওপর যানবাহন রেখে চলাচলে বাধা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। নগরবাসীর স্বার্থে সিটি করপোরেশন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। হকারদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা হচ্ছে। তাদের জীবিকা নির্বাহের বিষয়টি মাথায় রেখে বিকল্প জায়গা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নির্ধারিত জায়গায় না গিয়ে আবারও ফুটপাত ও সড়ক দখল করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের কর্মীদের বাধা দেওয়া কিংবা তাঁদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকারি কাজে বাধা এবং কর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, দখলমুক্ত পরিবেশ ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে হকার, পরিবহন শ্রমিক ও নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ সাদেকুজ্জামান জানান, নগরের যানজট নিরসনে ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করছে। বিশেষ করে সাতমাথা, বড়গোলা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখল হয়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হচ্ছে। এর সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বৃদ্ধি এবং যত্রতত্র যাত্রী ওঠানামা করায় যানজট আরও তীব্র হচ্ছে। সড়কের নির্ধারিত জায়গা ব্যবহার না করে যেখানে-সেখানে যানবাহন থামানোর ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে সড়ক দখল করে রাখা যানবাহন সরিয়ে নেওয়া এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে স্থায়ীভাবে যানজট নিরসনে সিটি করপোরেশন, ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। যত্রতত্র যানবাহন থামানো, ফুটপাত দখল এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

নগরবাসীর অভিযোগ, ফুটপাত দখল হয়ে যাওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। সাতমাথা ও বড়গোলার মতো গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের কারণে স্বল্প দূরত্ব অতিক্রম করতেও দীর্ঘ সময় লাগছে। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

তাঁদের ভাষ্য, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য হলেও সেখানে দোকানপাট বসানো এবং বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে হাঁটার কোনো জায়গা থাকছে না। অনেক সময় রাস্তা পার হতে গিয়েও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। শিশু ও বয়স্কদের নিয়ে চলাচল করা আরও কঠিন হয়ে পড়েছে।

নগরবাসী মনে করেন, উচ্ছেদ অভিযান চালানোর পরও যদি আবার ফুটপাত দখল হয়ে যায়, তাহলে এসব অভিযানের সুফল পাওয়া সম্ভব নয়। শুধু উচ্ছেদ নয়, দখলমুক্ত পরিবেশ ধরে রাখতে নিয়মিত তদারকি প্রয়োজন।

তাঁরা আরও জানান, ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচল ও যত্রতত্র দাঁড়িয়ে থাকার কারণে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি হকারদের নির্ধারিত স্থানে ব্যবসা করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

স্থায়ী সমাধান চান নগরবাসী

বগুড়া নগরের ফুটপাত ও সড়ক দখল সমস্যার স্থায়ী সমাধানে নিয়মিত উচ্ছেদ অভিযান, হকার পুনর্বাসন এবং যানবাহন নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি। পাশাপাশি অবৈধ দখল পুনরায় শুরু হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

হকারদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনা নিশ্চিত করা গেলে ফুটপাত দখলের প্রবণতা কমতে পারে। একইভাবে ব্যাটারিচালিত রিকশার চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে যানজট নিরসনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

নগরবাসীর প্রত্যাশা, সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের চলমান অভিযান শুধু সাময়িক উচ্ছেদে সীমাবদ্ধ থাকবে না। বরং ফুটপাত ও সড়ক স্থায়ীভাবে দখলমুক্ত রেখে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগ: উচ্ছেদঅভিযানেওদখলমুক্তহচ্ছেবগুড়ারফুটপাত

প্রতিবেদক

Rajibul Islam Roktim

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।