ঢাকা-১৭ আসনে সংসদ নির্বাচনে লড়বেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন
চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন। তিনি এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার প্রস্তুতি নিচ্ছেন, তবে একাধিক দলের সঙ্গে তার যোগাযোগ চলছে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের আহ্বান জানিয়েছেন এই অভিনেতা-প্রযোজক।
ঢাকা-১৭ আসনে সংসদ নির্বাচনে লড়বেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন
চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এবার তিনি কুমিল্লা নয়, রাজধানীর ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন।
এর আগে ধীমন একাধিকবার বিভিন্ন পদে নির্বাচন করেছেন, যার মধ্যে সংসদ সদস্য (এমপি) পদও ছিল। এবারও তিনি ভোটের মাঠে নামছেন নতুন প্রত্যয়ে।
ধীমন বলেন, “নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় না, এটা একটা প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন হোক—এটাই সবার প্রত্যাশা। আমি চাই মানুষ যেন উৎসবের মতো করে ভোট দিতে আসে।”
তিনি জানান, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তার আলোচনা চলছে। এখন পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন, তবে কয়েকটি দল তাকে আনুষ্ঠানিকভাবে যোগদানের প্রস্তাব দিয়েছে।
“অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে,” বলেন ধীমন। “আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে, সেগুলো আমি মানতে পারব কি না সেটা ভেবে দেখছি। ব্যাটে-বলে মিললে কোনো দলে যাব, না মিললে স্বতন্ত্রভাবে নির্বাচন করব।”
ঢাকা-১৭ আসনে রয়েছে ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।
এই আসনে ইতিমধ্যে বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সবচেয়ে আলোচিত প্রার্থী হলেন আন্দালিব রহমান পার্থ, যিনি বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি এবং আরও কয়েকটি দলের প্রার্থীও লড়াইয়ে আছেন।
মনোজিত ধীমন বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিলেও, রাজনৈতিক দলগুলো তার সঙ্গে যোগাযোগ রাখছে। ফলে নির্বাচনের আগে তার রাজনৈতিক অবস্থান নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
এর আগেও বড়ুয়া মনোজিত ধীমন কুমিল্লা-১ আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছিলেন। তার মতে, রাজনীতি হলো সমাজ পরিবর্তনের হাতিয়ার, এবং তিনি শিল্প-সংস্কৃতি থেকে শুরু করে জনগণের অধিকার নিয়েও সক্রিয়ভাবে কাজ করতে চান।
তিনি বলেন, “এই দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায্য ভোট দিতে চায়। আমি তাদের সঙ্গে সেই পরিবর্তনের অংশ হতে চাই।”