বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের উদ্যোগে আগ্রহী ব্রিটিশ এমপি রিচার্ড বার্গন
বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সব পক্ষের মধ্যে সংলাপ, রাজনৈতিক সমঝোতা ও পুনর্মিলনের উদ্যোগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সংসদ সদস্য রিচার্ড বার্গন। লন্ডনের হাউস অব কমন্সে বাংলাদেশের চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।
বৈঠকে প্রতিনিধিদলে ছিলেন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্সের (GCDG) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বাংলাদেশের সাবেক মন্ত্রী ব্যারিস্টার স. ম. রেজাউল করিম এবং মানবাধিকারকর্মী আবদুল আহাদ চৌধুরী।
বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট, মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে রিচার্ড বার্গনকে অবহিত করে। এ সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করা, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল রাজনৈতিক বন্দির মুক্তি এবং দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার বিষয়গুলো তুলে ধরা হয়।
বৈঠকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা, নির্যাতন, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ নিয়েও আলোচনা হয়। প্রতিনিধিদল এসব ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানায়।
অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে সব পক্ষের অংশগ্রহণে অর্থবহ ও অন্তর্ভুক্তিমূলক সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার অবসান, মৌলিক মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার সুরক্ষা এবং দেশে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
রিচার্ড বার্গন প্রতিনিধিদলের বক্তব্য ও উদ্বেগ মনোযোগসহকারে শোনেন। তিনি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ, রাজনৈতিক সমঝোতা ও পুনর্মিলনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে এ লক্ষ্যে সম্ভাব্য উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক স্বাধীনতা সমুন্নত রাখার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রতিনিধিদল বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক সমঝোতার বিষয়ে রিচার্ড বার্গনের ইতিবাচক মনোভাবকে স্বাগত জানায়। একই সঙ্গে এসব বিষয়ে ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে ভবিষ্যতেও আলোচনা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।