নিউইয়র্কে অভিবাসী পরিবারের বাসাভাড়া সহায়তা বন্ধের আশঙ্কা, মামলা করল নগর কর্তৃপক্ষ
পরিবারের সদস্যদের অভিবাসনগত অবস্থান আলাদা হলে সরকারি বাসাভাড়া সহায়তা বন্ধ হতে পারে—এমন নতুন নিয়ম ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ ও অঙ্গরাজ্য।
২ মিনিটে পড়ুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিবাসনগত অবস্থান ভিন্ন এমন পরিবারগুলোর সরকারি বাসাভাড়া সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন ফেডারেল নিয়মের বিরুদ্ধে আদালতে মামলা করেছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ ও অঙ্গরাজ্য সরকার।
২৩ নভেম্বর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ বা হাডের নতুন নিয়ম ঠেকাতে বিভিন্ন নগর ও সরকারি আবাসন কর্তৃপক্ষের সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নিয়মটি আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে একই পরিবারের কিছু সদস্য মার্কিন নাগরিক বা বৈধ অভিবাসী হলেও অন্য কোনো সদস্যের অভিবাসনগত অবস্থান ফেডারেল সহায়তার যোগ্য না হলে পুরো পরিবারের আবাসন সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
বর্তমানে নিউইয়র্কে মিশ্র অভিবাসন অবস্থানের পরিবারগুলো যোগ্য সদস্যদের অনুপাতে সরকারি বাসাভাড়া সহায়তা পেয়ে থাকে। নতুন নিয়ম কার্যকর হলে সেই সুবিধা পরিবর্তিত হতে পারে।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ২১টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মিলে নতুন নিয়মের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের দাবি, এই নিয়ম কার্যকর হলে প্রায় ২০ হাজার পরিবারের ৭৮ হাজারের বেশি মানুষ আবাসন সহায়তা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।
বিশেষ করে যেসব পরিবার সরকারি আবাসন প্রকল্প, নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি বা সেকশন এইট ভাউচারের মাধ্যমে বাসাভাড়ায় সহায়তা পায়, তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
তবে এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়ম এখনো কার্যকর হয়নি। আদালতের সিদ্ধান্তের ওপর এর ভবিষ্যৎ নির্ভর করছে।
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে যাদের পরিবারের সদস্যদের অভিবাসনগত অবস্থান আলাদা এবং যারা সরকারি বাসাভাড়া সহায়তা পান, তাদের আগেভাগে আইনি পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সহায়তার জন্য নিউইয়র্কের টেন্যান্ট হেল্পলাইনে ৩১১ নম্বরে ফোন করে টেন্যান্ট হেল্পলাইন চাইতে পারেন। লিগ্যাল এইড সোসাইটির পাবলিক হাউজিং ইউনিটেও ২১২-৫৫৮-৬২৮২ নম্বরে যোগাযোগ করা যাবে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।