ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত
বগুড়ার ধুনটে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক।
বগুড়ার ধুনটে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে শনাক্ত করা যায়নি।
নিহতরা হলেন মোটরসাইকেলচালক উজ্জল সরকার ও তাঁর সঙ্গে থাকা আরোহী শিকর। তাঁদের দুজনের বাড়ি ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উজ্জল সরকার ও শিকর মোটরসাইকেলযোগে শেরপুর থেকে ধুনটের দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে তাঁরা ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। তবে মোটরসাইকেলচালক উজ্জল সরকার ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী শিকরকে গুরুতর আহত অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে ট্রাক ও চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তাঁরা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ধুনট ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, দুপুর ১২টা ৫ মিনিটে তাঁরা দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় দেখতে পান। মোটরসাইকেলে দুজন আরোহী ছিলেন। অপরজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ট্রাক ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানিতে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত ট্রাকের চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।