জব্দ হয়েছে প্রায় দুই টন স্বর্ণ, ধরাছোঁয়ার বাইরে থাকা সিন্ডিকেটের মাথায় কারা?
সাড়ে পাঁচ বছরে শাহজালাল বিমানবন্দর থেকে জব্দ হয়েছে প্রায় দুই টন স্বর্ণ, যার বাজারমূল্য হাজার হাজার কোটি টাকা। অবাক করা তথ্য হলো এসব পাচারে বাহক হিসেবে ধরা পড়ছেন খোদ বিমানের কর্মীরাই। কিন্তু হাজার কোটি টাকার এই সিন্ডিকেটের আসল মাথা কারা, যাদের টিকিটিও ছুঁতে পারছে না কেউ?
কঠোর নজরদারি, সিসিটিভি ক্যামেরা আর ধারাবাহিক অভিযানের পরও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে থামছে না স্বর্ণ চোরাচালান। বরং দিন দিন আরও অভিনব কৌশল নিচ্ছে সংঘবদ্ধ চক্র।
আর সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো এই পাচারের অধিকাংশ ক্ষেত্রেই জড়িত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীরাই।
ঢাকা কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, গত সাড়ে পাঁচ বছরে শুধু শাহজালাল বিমানবন্দরেই জব্দ করা হয়েছে ১ হাজার ৯০২ কেজি স্বর্ণ।বাজারমূল্যে যার পরিমাণ হাজার হাজার কোটি টাকা।
এই পরিস্থিতিতে আর চুপ থাকেনি ঢাকা কাস্টম হাউস। গত ২ নভেম্বর ঢাকা কাস্টম হাউসের কমিশনার মো. রইচ উদ্দিন খান এনবিআরের কাস্টমস নীতি ও আইসিটি সদস্যের কাছে একটি দাপ্তরিক চিঠি পাঠান। সেই চিঠিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে বিমানকর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
চিঠিতে বলা হয়, শাহজালাল বিমানবন্দর দিয়ে যত স্বর্ণ চোরাচালান হয়, তার বেশিরভাগের সঙ্গেই বিমানের কর্মীরা জড়িত। স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে তারা বারবার চোরাচালানে জড়িয়ে পড়ছে। ধরা পড়লেও তেমন শাস্তি হয় না, তাই একই অপরাধ বারবার ঘটছে।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা চাই স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিমান কর্তৃপক্ষ কর্মীদের সচেতন করে হোক বা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েই হোক, কার্যকর কোনো উদ্যোগ নিক এ কারণেই মন্ত্রণালয়কে চিঠি দেওয়া।”
কাস্টমসের চিঠিতে সাম্প্রতিক তিনটি ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে:
১. জুতার ভেতরে ৮০টি স্বর্ণবার ৪ অক্টোবর:
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর থেকে *৮০টি স্বর্ণবার* উদ্ধার করা হয়। মোট ওজন *৯ দশমিক ৪ কেজি*, আনুমানিক বাজারমূল্য *১৬ কোটি ২৫ লাখ টাকা।*
২. দেহ তল্লাশিতে ৯টি স্বর্ণবার ১ অক্টোবর:
বিমানকর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে *৯টি স্বর্ণবার* উদ্ধার করা হয়। ওজন *১ কেজি ৫০ গ্রাম*, মূল্য প্রায় *২ কোটি টাকা।* এ ঘটনায় ওই বিমানকর্মী ও এক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়।
৩. ফ্লাইটের ভেতরে ১২০টি স্বর্ণবার ৬ সেপ্টেম্বর:
চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে সহকারী কারিগরি সহায়ক মো. শোয়েব গাজীর শরীরে লুকানো অবস্থায় *১২০টি স্বর্ণবার* জব্দ করা হয়। ওজন *১৩ দশমিক ৯২ কেজি।*
কোথায় কোথায় লুকানো হয় স্বর্ণ? তদন্তে বেরিয়ে এসেছে ভয়ংকর চিত্র। শুল্ক কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজের এমন কোনো জায়গা নেই যেখানে স্বর্ণ লুকানো হয় না —
কার্গো হোল, টয়লেটের টিস্যু বক্স, মিরর ব্যাক, গ্যাস মাস্ক সকেট, সিটের তলা, খাবারের গাড়ি, জুতা, শরীরের বিভিন্ন অংশ সব জায়গাই ব্যবহার করছে চক্রটি।
বিমানকর্মীরা সুযোগ বুঝে বিমান থেকে স্বর্ণ নামিয়ে হ্যাঙ্গার গেট দিয়ে, ক্যাটারিং গাড়িতে, কিংবা শরীরে লুকিয়ে বিমানবন্দর পার করে দেন। পরে বাইরে অপেক্ষায় থাকা চক্রের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
এর আগেও বহুবার একই চিত্র দেখা গেছে। ২০১৮ সালে জেদ্দা থেকে আসা বিজি-২৩৬ ফ্লাইটের টয়লেটের টিস্যু বক্স থেকে ৯ দশমিক ২৮ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানের দুই প্যান্ট্রি ম্যানসহ ৪ জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত।
কেন থামছে না? কাস্টমস কর্মকর্তাদের মতে, তিনটি কারণে থামছে না এই পাচার:
১. বিমানকর্মীদের ওপর নজরদারি কম, তাদের চলাচলে সার্ভেইলেন্স নেই
২. ধরা পড়লেও বিভাগীয় শাস্তি দুর্বল, অনেকেই আবার চাকরিতে ফিরে আসেন
৩. চক্রের মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, ধরা পড়ে শুধু বাহকরা
একজন কাস্টমস কর্মকর্তা বলেন, “একটা সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশ্যই যদি হয় চোরাকারবার করা, তাহলে তাদের সঙ্গে পারা কষ্টকর। কাস্টমস কত ধরবে!”
এখনো থামেনি, ২৩ নভেম্বরও জব্দ
সবশেষ আজ *২৩ নভেম্বর সকালেও* দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীর শরীর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো *১৮টি স্বর্ণবার* উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা। ওজন *২ কেজি ১০৬ গ্রাম*, মূল্য প্রায় *৩ কোটি ৭৮ লাখ টাকা।* এর দুই দিন আগে ২১ নভেম্বর কোমরে বাঁধা *সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ* ৩ জনকে আটক করে এপিবিএন, যার মূল্য *১১ কোটি ৬৭ লাখ টাকা।*
কাস্টমসের দাবি
ঢাকা কাস্টম হাউস চায় —
১. বিমানকর্মীদের চলাচলে কঠোর সার্ভেইলেন্স ও নজরদারি
২. স্বর্ণসহ ধরা পড়লে দ্রুত বিভাগীয় ও ফৌজদারি শাস্তি নিশ্চিত করা
৩. হ্যাঙ্গার গেট, ক্যাটারিং ও কার্গো এলাকায় অতিরিক্ত তল্লাশি
৪. বিমানের ভেতরে তল্লাশি ও সিসিটিভি আরও জোরদার করা
সংশ্লিষ্টরা বলছেন, ১ হাজার ৯০২ কেজি স্বর্ণ জব্দ হওয়া কাস্টমসের সাফল্য হলেও, এটা আসলে চোরাচালানের ভয়াবহতারই প্রমাণ। জব্দ হওয়ার বাইরে কত স্বর্ণ পার হয়ে গেছে, তার হিসাব কারো কাছে নেই। বিমানের ভেতরের চক্র না ভাঙলে এই পাচার থামবে না।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।