স্বাস্থ্যসেবা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে শরণার্থী ও বৈধ অভিবাসীরা
যুক্তরাষ্ট্রে শরণার্থী ও বৈধ অভিবাসীদের মেডিকেইড সুবিধা বন্ধের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয়েছে। চিকিৎসা, অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ পাওয়া নিয়ে বিপাকে পড়েছেন অনেক মানুষ।
যুক্তরাষ্ট্রে শরণার্থী ও অন্যান্য বৈধ অভিবাসীদের সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা সীমিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন কয়েকজন অভিবাসী ও শরণার্থী। ট্রাম্প প্রশাসনের নতুন বিধিনিষেধের কারণে তাঁদের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের ২৪ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, রোড আইল্যান্ডের একটি ফেডারেল আদালতে এই মামলা করা হয়েছে। মামলাকারীরা দেশজুড়ে নতুন বিধিনিষেধ কার্যকর হওয়া ঠেকাতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।
মামলায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন আইন বাস্তবায়নের নির্দেশনা দিতে গিয়ে মেডিকেইড কর্মসূচিতে কিছু বৈধ অভিবাসী গোষ্ঠীর স্বাস্থ্যসেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে মেডিকেইড ও মেডিকেয়ার সার্ভিসেস কেন্দ্র। এর ফলে আশ্রয়প্রার্থী, শরণার্থী এবং বিশেষ অনুমতিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কিছু মানুষ স্বাস্থ্যসেবা হারানোর ঝুঁকিতে পড়েছেন।
মামলাকারীদের দাবি, যেসব ব্যক্তি সম্পূরক নিরাপত্তা আয় কর্মসূচির সুবিধা পান, তাঁদের ক্ষেত্রে কংগ্রেস মেডিকেইড সুবিধা বহাল রেখেছে। কিন্তু কেন্দ্রীয় সংস্থার নতুন ব্যাখ্যায় তাঁদেরও স্বাস্থ্যসেবা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মতে, এই সিদ্ধান্ত প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা হারানোর পর কয়েকজন রোগী ওষুধের ব্যবহার কমাতে বাধ্য হয়েছেন। কেউ নিয়মিত হৃদ্যন্ত্রের পরীক্ষা করাতে পারছেন না, আবার কেউ অস্ত্রোপচার পিছিয়ে দিচ্ছেন।
এর আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যে একই ধরনের বিধিনিষেধের বিরুদ্ধে একটি মামলায় ফেডারেল বিচারক সাময়িকভাবে সেই সিদ্ধান্ত আটকে দিয়েছিলেন। এবার রোড আইল্যান্ডের মামলাকারীরা পুরো যুক্তরাষ্ট্রে কার্যকর হয় এমন নিষেধাজ্ঞা চেয়েছেন।
মামলাটির সঙ্গে যুক্ত আইনজীবীরা আগামী ২২ ডিসেম্বরের মধ্যে আদালতের সিদ্ধান্ত পাওয়ার চেষ্টা করছেন। কারণ, বছরের শেষ দিকে অঙ্গরাজ্যগুলোকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কাছে পরবর্তী সময়ের মেডিকেইড পরিকল্পনা জমা দিতে হবে।
এই মামলার ফলাফল যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজারো শরণার্থী ও বৈধ অভিবাসীর স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: রয়টার্স, ২৪ নভেম্বর ২০২৬।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।