ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বদ্ধপরিকর বাংলাদেশ — ড. আসিফ নজরুল

ভবিষ্যৎ বৈশ্বিক শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি উন্নয়নে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশি শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে সরকার ধারাবাহিক ও কাঠামোগত উদ্যোগ গ্রহণ করছে।

PostImage

ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বদ্ধপরিকর বাংলাদেশ — ড. আসিফ নজরুল


ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ দক্ষ জনশক্তি উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ শ্রমিকের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বাংলাদেশ ইতোমধ্যে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স’-এ (২৬ জানুয়ারি) বক্তব্য প্রদানকালে ড. আসিফ নজরুল বাংলাদেশের শ্রমবাজারে চলমান গুণগত পরিবর্তনের কথা তুলে ধরেন।

তিনি সম্মেলনে জানান, সৌদি আরবের তাকামোল (Takamol) এর সঙ্গে স্বাক্ষরিত স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম (SVP) চুক্তির আওতায় বাংলাদেশ বর্তমানে প্রতি মাসে প্রায় ৬০ হাজার শ্রমিককে বিভিন্ন পেশায় দক্ষতা যাচাই ও সনদ প্রদান করছে। এর ফলে সৌদি শ্রমবাজারের বাস্তব চাহিদার সঙ্গে বাংলাদেশি কর্মীদের দক্ষতা সরাসরি সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব হচ্ছে।

ড. আসিফ নজরুল আরও বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর ১০টি মৌলিক কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশ শ্রমবাজারে ন্যায্যতা, কল্যাণ ও জবাবদিহিতার বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, যা দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে।

তিনি জানান, এই অধ্যাদেশের মাধ্যমে ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজ করা হয়েছে, নারী-পুরুষের মধ্যে মজুরি বৈষম্য দূর করা হয়েছে এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তকরণ (ব্ল্যাকলিস্টিং) নিষিদ্ধ করা হয়েছে—যা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, সম্প্রতি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত নতুন শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) মহাপরিচালকসহ বিশ্বের ৩৫টি দেশের শ্রমমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।