ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক

ভোটাধিকার রক্ষা ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে ঢাকা-১৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে সমাপনী গণমিছিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। মিরপুরে অনুষ্ঠিত এই গণমিছিলে ধানের শীষ প্রতীকের পক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

PostImage

ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক


স্বাধীনতাবিরোধী ও নারীবিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার ক্ষুণ্ন না করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরে আয়োজিত এক সমাপনী গণমিছিলে তিনি এ আহ্বান জানান।

গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল হক বলেন, ভোট নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, যারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে অবস্থান নেয় এবং নারীদের অবমাননাকর বক্তব্য দেয়—এমন শক্তিকে ভোট দেওয়া মানে নিজেদের অধিকারই নষ্ট করা।

তিনি আরও বলেন, “ভোট নষ্ট করবেন না। ধানের শীষকে জয়যুক্ত করুন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।”

এর আগে দুপুরে মিরপুর ১২ নম্বর সিরামিকস মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-১৬ আসনের বিভিন্ন ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।



গণমিছিলে অংশগ্রহণকারীরা ‘শহীদ জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘আমিনুল হকের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাপনী এই গণমিছিলকে কেন্দ্র করে পল্লবী ও রূপনগর এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় থানা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণমিছিল শেষে আমিনুল হক বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিবর্তনের পক্ষে জনমতের প্রতিফলন। তিনি ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সিএসবি নিউজ-এর আরও খবর