দুবাইয়ের বিশ্ব সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন আমিরাতের প্রধানমন্ত্রী
দুবাইয়ে বিশ্বনেতাদের অংশগ্রহণে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। আগামী বছরের ১ থেকে ৩ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করে আমন্ত্রণ জানিয়েছেন।
আমন্ত্রণবার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে মানবজাতির জন্য আরও ভালো ভবিষ্যৎ গড়ার বিষয়ে মতবিনিময় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
২০২৭ সালের এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’, যার অর্থ ভবিষ্যতের সরকারব্যবস্থা গড়ে তোলা। এতে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার পরিচালনার অভিজ্ঞতা, নতুন নীতি ও প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।
আমিরাতের দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সব মিলিয়ে ওই আয়োজনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬ হাজারের বেশি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রণ পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেলেও তিনি সম্মেলনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।