ইউক্রেনে রুশ হামলায় ১০ জন নিহত, হাজারো ড্রোন নামানোর দাবি রাশিয়ার
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। পাল্টা রাশিয়ার তিনটি জ্বালানি স্থাপনায় হামলার কথা জানিয়েছে ইউক্রেন।
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অন্যদিকে, এক রাতেই ইউক্রেনের ছোড়া ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর এক রাতে এত বিপুলসংখ্যক ড্রোন ধ্বংসের ঘটনা বিরল বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ প্রদেশের নিজিন শহরে একটি প্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। ইউক্রেনের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, আগের দিনের হামলার পর উদ্ধারকাজ শেষ হয়েছে শনিবার।
এ ছাড়া রাজধানী কিয়েভে রুশ হামলায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। অন্যদিকে, রাশিয়ার দখলে থাকা দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া এলাকায় একটি হাসপাতালের গাড়িতে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানলে একজন নার্স ও একজন চালক নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক রাতেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে মস্কোর আশপাশে আট ঘণ্টায় ১২৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন শহরটির মেয়র সের্গেই সোবিয়ানিন। তাঁর দাবি, শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন এগিয়ে এসেছিল। এর বেশির ভাগই প্রতিহত করা হয়েছে। তবে রাশিয়ার দেওয়া ১ হাজার ২৪৬টি ড্রোন ধ্বংসের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় কতগুলো ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল বা কতগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছেছিল, সে তথ্যও জানায়নি।
অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, একই রাতে রাশিয়ার ছোড়া ১৬২টি ড্রোনের মধ্যে ১৪১টি ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে। এরই মধ্যে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগার এবং সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের দাবি, পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হয়েছে নভোশাখতিনস্ক তেল শোধনাগার। সামারা অঞ্চলের তেল পরিবহন ও সংরক্ষণ কেন্দ্র এবং বাশকোর্তোস্তানের নুরলিনো তেল সরবরাহ কেন্দ্রও হামলার লক্ষ্য ছিল।ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এসব স্থাপনায় হামলার পর কয়েকটি জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে হামলায় সব স্থাপনার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে একটি প্রতিষ্ঠানের কর্মীদের বহনকারী বাসে ড্রোন আঘাত হানলে নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন। যুদ্ধের শুরু থেকে দুই দেশই একে অপরের সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। শীতের শুরুতে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়ায় ইউক্রেনের সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।