ব্রেকিং
মুসলিমদের সঙ্গে কীরকম আচরণ করবে, তা নিয়ে পুলিশের জন্য বিশেষ নির্দেশনা, যুক্তরাজ্যে শুরু বিতর্কসিনেটে জয়ের পর বিদেশি কর্মী নিয়োগ নিয়ে কঠোর বার্তা দিলেন নেতা স্কট কলমএআর-১৫ রাইফেল নিয়ে আদালতের বড় সিদ্ধান্ত, বদলে যেতে পারে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইনযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে হার, তবু নীতি বদলাতে নারাজ ট্রাম্প; বাড়ছে রাজনৈতিক চাপনিজের নামে পরিচয় দিতে পারবেন না আফগান নারীরা, তালেবানের নতুন নির্দেশ

মুসলিমদের সঙ্গে কীরকম আচরণ করবে, তা নিয়ে পুলিশের জন্য বিশেষ নির্দেশনা, যুক্তরাজ্যে শুরু বিতর্ক

মসজিদে প্রবেশ, নামাজের সময় আচরণ ও নারী-পুরুষের সঙ্গে কথা বলার বিষয়ে পুলিশকে দেওয়া হয়েছে বিশেষ পরামর্শ। এসব নির্দেশনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা।

মুসলিমদের সঙ্গে কীরকম আচরণ করবে, তা নিয়ে পুলিশের জন্য বিশেষ নির্দেশনা, যুক্তরাজ্যে শুরু বিতর্ক
মুসলিমদের সঙ্গে কীরকম আচরণ করবে, তা নিয়ে পুলিশের জন্য বিশেষ নির্দেশনা, যুক্তরাজ্যে শুরু বিতর্ক

মুসলিমদের সঙ্গে দায়িত্ব পালনের সময় কীভাবে আচরণ করতে হবে, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে যুক্তরাজ্যের জাতীয় পুলিশ প্রধানদের কাউন্সিল। মসজিদে প্রবেশ, নামাজের সময় আচরণ এবং নারী-পুরুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। তবে এসব নির্দেশনা প্রকাশের পর দেশটির রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক।

‘ন্যাশনাল ফেইথ টুলকিট’ নামের এই নির্দেশিকায় বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো, বিভিন্ন ধর্মের মানুষের বিশ্বাস ও রীতিনীতি সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের ধারণা দেওয়া এবং দায়িত্ব পালনের সময় তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা।

নির্দেশিকার ইসলাম অংশে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা মসজিদ বা মুসলিমদের বাড়িতে গেলে শালীন পোশাক পরবেন এবং প্রয়োজনে জুতা খুলে প্রবেশ করবেন। সেখানে শান্ত ও সম্মানজনক আচরণ করতে হবে। নামাজরত ব্যক্তিদের বিরক্ত না করার পাশাপাশি নারী ও পুরুষের জন্য আলাদা করে রাখা জায়গায় প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া মুসলিমদের এলাকায় দায়িত্ব পালনের সময় পুলিশ কুকুর ব্যবহার না করার কথাও বলা হয়েছে। নারী ও পুরুষের মধ্যে কথা বলা বা শারীরিক যোগাযোগের ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক বিষয়গুলো বিবেচনায় রাখতে বলা হয়েছে। কিছু পরিস্থিতিতে একই লিঙ্গের পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করলে ভালো হতে পারে বলেও উল্লেখ রয়েছে। তল্লাশির সময় পবিত্র কোরআন, ধর্মীয় বই, টুপি, নামাজের মাদুর ও তসবিহ ব্যবহারের বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মুসলিম নারীর মৃত্যুর পর পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও কিছু পরামর্শ রয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সম্ভব হলে নারী মুসলিম স্বাস্থ্যকর্মীর মাধ্যমে পরীক্ষা করানো ভালো। তা সম্ভব না হলে অন্য নারী স্বাস্থ্যকর্মীকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কোনো পুরুষ বিশেষজ্ঞকে পরীক্ষা করতে হলে কাছের কোনো পুরুষ আত্মীয় বা স্বামীকে উপস্থিত রাখার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে। তবে জরুরি পরিস্থিতিতে এর ব্যতিক্রম হতে পারে।

এসব নির্দেশনা নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাজ্যের বিরোধী দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। তাঁর অভিযোগ, ধর্মীয় রীতিনীতি মানতে গিয়ে পুলিশকে এমন কিছু নিয়ম অনুসরণ করতে বলা হচ্ছে, যা সবার জন্য আইনের সমান প্রয়োগের নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তিনি এই নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছেন। দেশটির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপও এর সমালোচনা করেছেন। তাঁর মতে, ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে মানুষের সঙ্গে পুলিশের আচরণ আলাদা হওয়া উচিত নয়। এ ধরনের নির্দেশনা পুলিশের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিতে পারে।

তবে পুলিশ প্রধানদের কাউন্সিলের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ এবং আস্থা তৈরির জন্যই এই নির্দেশিকা তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও পুলিশ কর্মকর্তাদের সংগঠনও যুক্ত ছিল। কাউন্সিল আরও জানিয়েছে, ধর্মীয় ও সামাজিক বিষয়গুলো বিবেচনায় রাখার অর্থ এই নয় যে আইনের প্রয়োগ বা পুলিশের দায়িত্ব পালনে ছাড় দেওয়া হবে। দায়িত্ব পালনের প্রয়োজনীয়তাই সবার আগে থাকবে। ফলে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক রীতিনীতিকে সম্মান জানানোর পাশাপাশি পুলিশের নিরপেক্ষতা এবং সবার জন্য সমান আইন প্রয়োগ নিশ্চিত করা—এই দুই বিষয় নিয়ে যুক্তরাজ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগ: যুক্তরাজ্যের পুলিশমুসলিম সম্প্রদায়ধর্মীয় নির্দেশিকা

প্রতিবেদক

Staff Reporter

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।