ব্রেকিং
ডেমোক্র্যাটদের তদন্ত পরিকল্পনায় গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করলেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টানাইজারে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় নিহত ১৩ নিরাপত্তারক্ষী, আহত আরও ২০হুতিদের হামলায় কাঁপছে সৌদি আরব, রিয়াদের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা২০২৮ সালের নির্বাচনে নতুন প্রার্থী আসার সম্ভাবনা দেখছেন না ট্রাম্পসন্তানের ভরণপোষণের বকেয়া ১০ হাজার ডলার ছাড়ালেই বাতিল হতে পারে মার্কিন পাসপোর্ট

মেয়াদোত্তীর্ণ এলসি নিয়ে বিদেশ সফর, আসেনি ডিএসএনজি—৫ বছরে রাষ্ট্রের ক্ষতি ছাড়াবে সাড়ে ১৪ কোটি টাকা

বিগত শেখ হাসিনা সরকারের পতনের মাত্র দেড় মাস আগে, ২০২৪ সালের ২৪ জুন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সময়ে তড়িঘড়ি করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পোর্টেবল ডিএসএনজি যন্ত্রপাতি কেনার চুক্তি বাগিয়ে নিয়েছিল ‘প্যারাডাইস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’। শুধু তা-ই নয়, প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে ভুয়া ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে দুবাইয়ে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছে অর্থপাচারের চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে সিএসবি নিউজ ইউএসএ-র অনুসন্ধানে। অথচ বিস্ময়করভাবে, ফ্যাসিস্ট আমলের সেই বিতর্কিত ও ব্যর্থ ঠিকাদারকেই নজিরবিহীন প্রশ্রয় দিয়ে চলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান সচিব মাহবুবা ফারজানা। প্রকল্প ও ঋণপত্রের (এলসি) মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ঠিকাদারের খরচে নেদারল্যান্ডস ও চীন সফর করেছেন সচিবসহ সাত কর্মকর্তা। সফর শেষে ছয় মাস পেরিয়ে নভেম্বর চলে এলেও বিটিভিতে এখনো আসেনি বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) উপযোগী সেই ডিএসএনজি যন্ত্রপাতি। ফলে নিজস্ব স্যাটেলাইট ফেলে হংকংভিত্তিক বিদেশি প্রতিষ্ঠানকে প্রতি মাসে গুনতে হচ্ছে ১৩ হাজার ৮০ মার্কিন ডলার (উৎসে আয়করসহ ১৫ হাজার ৬৯৬ ডলার বা প্রায় ১৮ লাখ ৮৪ হাজার টাকা)। হিসাব বলছে, নির্ধারিত সময়ে পণ্যটি এলে চলতি নভেম্বর পর্যন্ত সরকারের সাশ্রয় হতো প্রায় ২ কোটি ৮৩ লাখ থেকে ৩ কোটি ৩৯ লাখ টাকা। অথচ সচিবের স্বেচ্ছাচারিতায় আগামী ২ বছরেও যন্ত্রপাতিটি চালু না হলে মোট ক্ষতি দাঁড়াবে প্রায় ৮ কোটি টাকা এবং আগামী ৫ বছরে এই ক্ষতির অঙ্ক ছাড়িয়ে যাবে সাড়ে ১৪ কোটি টাকা।

বিটিভির মহাদুর্নীতি ও মেয়াদোত্তীর্ণ এলসি নিয়ে তথ্য সচিবের বিদেশ সফরের খতিয়ান: বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বাংলাদেশ স্যাটেলাইট-১ উপযোগী ডিএসএনজি যন্ত্রপাতি কেনাকাটায় সিন্ডিকেট ও মহাদুর্নীতির একটি চিত্রকল্প। (বাঁয়ে) দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা
বিটিভির মহাদুর্নীতি ও মেয়াদোত্তীর্ণ এলসি নিয়ে তথ্য সচিবের বিদেশ সফরের খতিয়ান: বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বাংলাদেশ স্যাটেলাইট-১ উপযোগী ডিএসএনজি যন্ত্রপাতি কেনাকাটায় সিন্ডিকেট ও মহাদুর্নীতির একটি চিত্রকল্প। (বাঁয়ে) দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা

সিএসবি নিউজ ইউএসএ-র অনুসন্ধানে প্রাপ্ত নথিপত্র অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩-২৪ অর্থবছরে বিটিভির জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) উপযোগী ফ্লাই-অ্যাওয়ে ডিএসএনজি কেনার দরপত্র (e-GP Tender ID: 865963) আহ্বান করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের ঠিক আগে, ২০২৪ সালের ২৪ জুন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সরাসরি পৃষ্ঠপোষকতায় ৪ লাখ ৮ হাজার ৮৯৯ মার্কিন ডলারে প্যারাডাইস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুসন্ধানে উঠে এসেছে, প্যারাডাইস ইঞ্জিনিয়ারিংয়ের মালিক প্রকৌশলী মঈন হোসেন এবং দুবাই/শারজাহ-ভিত্তিক ‘নেক্সজেন সিস্টেমস এলএলসি’-র মালিক জুলিয়া আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী। অভিযোগ রয়েছে, প্যারাডাইস ইঞ্জিনিয়ারিং সরকারি এলসির বিপরীতে নেক্সজেন সিস্টেমসের নামে ভুয়া ব্যাক-টু-ব্যাক এলসি খুলে (যার মধ্যে গত ৪ আগস্ট ইউসিবিএল ব্যাংকে ৪ লাখ ৮ হাজার ৮৯৯ ডলারের আবেদনও রয়েছে) দুবাইয়ে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের কাছে অর্থপাচার করে আসছে; যেখানে ঠিকাদারের ভাই নিজেও দুবাইয়ে অবস্থানরত একজন আওয়ামী লীগ নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—জুলাই বিপ্লবে বিটিভির একমাত্র ডিএসএনজি গাড়িসহ পুড়ে যাওয়ার পরও যে ঠিকাদার দুই বছরে নতুন যন্ত্রপাতি দিতে পারেনি এবং যার বিরুদ্ধে ফ্যাসিস্টদের অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে, সেই ঠিকাদারের সাথে বর্তমান তথ্য সচিব মাহবুবা ফারজানার এত দহরম-মহরম কিসের? সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঠিকাদারের সাথে সরাসরি ব্যক্তিগত যোগাযোগ রক্ষা এবং অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়েই সচিব নজিরবিহীনভাবে প্রতিষ্ঠানটিকে রক্ষা করে চলেছেন।

মেয়াদোত্তীর্ণ এলসি ও প্রকল্প নিয়েই বিদেশ সফর, নভেম্বর পেরোলেও আসেনি যন্ত্র নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, বিটিভির ডিএসএনজি প্রকল্পে ঠিকাদারের বর্ধিত সময়সীমা এবং জনতা ব্যাংকে খোলা এলসির (LC No: 0104249900007) মেয়াদ ২০২৬ সালের ১ মার্চ শেষ হয়ে যায়। প্রকল্প ও এলসির কোনো বৈধ মেয়াদ না থাকা অবস্থায়ই গত ১৬ এপ্রিল এবং ২৬ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দুটি পৃথক সরকারি আদেশ (জিও) জারি করে সচিব মাহবুবা ফারজানাসহ সাত কর্মকর্তার নেদারল্যান্ডস ও চীন সফরের অনুমোদন দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী, প্রি-শিপমেন্ট ইনস্পেকশন (পিএসআই) সম্পন্ন হওয়ার তিন মাসের মধ্যে যন্ত্রপাতি দেশে পৌঁছানোর কথা। কিন্তু মে মাসে ঠিকাদারের খরচে বিদেশ সফর শেষে দেশে ফিরে ১৩ মে মন্ত্রণালয় থেকে শর্তসাপেক্ষে এলসির মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয় এবং কোনো ব্যত্যয় ঘটলে তার দায় বিটিভির কর্মকর্তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। অথচ মে মাসের পর ছয় মাস পেরিয়ে নভেম্বর চলে এলেও এখনো বিটিভিতে যন্ত্রপাতি পৌঁছায়নি; বরং বিটিভির ইতিহাসে নজিরবিহীনভাবে ৫টি আলাদা ধাপে খণ্ডিতভাবে পণ্য আনার অপচেষ্টা চলছে।

সময়মতো এলে বাঁচত সাড়ে ৩ কোটি টাকা, ৫ বছরে ক্ষতি ছাড়াবে সাড়ে ১৪ কোটি নিজস্ব বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) উপযোগী ডিএসএনজি চালু না হওয়ায় বিটিভিকে বাধ্য হয়ে হংকংভিত্তিক ‘এপিটি স্যাটেলাইট কোম্পানি লিমিটেড’-এর সাথে বারবার চুক্তি নবায়ন করতে হচ্ছে। চুক্তি অনুযায়ী, বিদেশি প্রতিষ্ঠানটিকে প্রতি মাসে ১৩ হাজার ৮০ মার্কিন ডলার (২০ শতাংশ উৎসে আয়করসহ ১৫ হাজার ৬৯৬ ডলার, যা বর্তমান বিনিময় হার ১২০ টাকা হিসাবে মাসে প্রায় ১৮ লাখ ৮৩ হাজার ৫২০ টাকা) বৈদেশিক মুদ্রা দিতে হচ্ছে।

আর্থিক বিশ্লেষণে রাষ্ট্রের সাশ্রয় বনাম ক্ষতির যে চিত্র উঠে এসেছে:

  • এ পর্যন্ত (নভেম্বর ২০২৬) যে টাকা বাঁচত: চুক্তির মূল সময়সীমা (২ সেপ্টেম্বর ২০২৫) অনুযায়ী পণ্য এলে গত ১৫ মাসে সরাসরি ভাড়া বাবদ বাঁচত ১ লাখ ৯৬ হাজার ২০০ মার্কিন ডলার (করসহ ২ লাখ ৩৫ হাজার ৪৪০ ডলার বা প্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা)। আর এলসি খোলার পর সর্বোচ্চ ৬ মাসের মধ্যে (মে ২০২৫) পণ্য এলে গত ১৮ মাসে সরকারের সাশ্রয় হতো ২ লাখ ৩৫ হাজার ৪৪০ ডলার (করসহ ২ লাখ ৮২ হাজার ৫২৮ ডলার বা প্রায় ৩ কোটি ৩৯ লাখ টাকা)।

  • আগামী ২ বছরেও পণ্য না এলে বা ইনস্টল না হলে: এই জটিলতায় আগামী ২ বছরে (২৪ মাস) নতুন করে বিদেশি স্যাটেলাইট ভাড়া বাবদ গুনতে হবে আরও ৩ লাখ ১৩ হাজার ৯২০ মার্কিন ডলার (করসহ ৩ লাখ ৭৬ হাজার ৭০৪ ডলার বা প্রায় ৪ কোটি ৫২ লাখ টাকা)। পেছনের ১৫ থেকে ১৮ মাসের ক্ষতির সাথে যুক্ত হলে মাত্র সাড়ে তিন বছরেই রাষ্ট্রীয় কোষাগারের মোট ক্ষতি দাঁড়াবে ৫ লাখ ১০ হাজার থেকে ৫ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার—উৎসে আয়করসহ যা ৬ লাখ ১২ হাজার থেকে ৬ লাখ ৫৯ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৩৫ লাখ থেকে ৭ কোটি ৯১ লাখ টাকা)।

  • আগামী ৫ বছরেও পণ্য না এলে বা ইনস্টল না হলে: আগামী ৫ বছরেও (৬০ মাস) যন্ত্রপাতিটি বিটিভিতে স্থাপন ও সচল করা না গেলে কেবল আগামী পাঁচ বছরেই বিদেশি কোম্পানির পকেটে যাবে ৭ লাখ ৮৪ হাজার ৮০০ মার্কিন ডলার (করসহ ৯ লাখ ৪১ হাজার ৭৬০ ডলার বা প্রায় ১১ কোটি ৩০ লাখ টাকা)। আর পেছনের ১৫ থেকে ১৮ মাসের ক্ষতির সাথে যোগ করলে মোট ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৯ লাখ ৮১ হাজার থেকে ১০ লাখ ২০ হাজার মার্কিন ডলার—২০ শতাংশ উৎসে আয়করসহ যা ১১ লাখ ৭৭ হাজার থেকে ১২ লাখ ২৪ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি ১৩ লাখ থেকে ১৪ কোটি ৬৯ লাখ টাকারও বেশি (যেখানে পুরো নতুন ডিএসএনজি সিস্টেমটির ক্রয়মূল্যই ছিল মাত্র ৪ লাখ ৮ হাজার ৮৯৯ ডলার)।

আপিল কর্তৃপক্ষ হয়েও কেনাকাটায় সচিব: পিপিআর লঙ্ঘন ও স্বামী-স্ত্রীর সিন্ডিকেট পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা (পিপিএ-২০০৬ ও পিপিআর) অনুযায়ী, মন্ত্রণালয়ের সচিব হচ্ছেন ক্রয় প্রক্রিয়ার সর্বোচ্চ তদারককারী ও আপিল কর্তৃপক্ষ (Appellate Authority)। তার কোনোভাবেই ঠিকাদারের খরচে কারিগরি পরিদর্শন বা প্রশিক্ষণ সফরে যাওয়ার নৈতিক বা প্রশাসনিক সুযোগ নেই।

তদুপরি, তিন-চার বছর ধরে ঝুলে থাকা এই প্রকল্পে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) কোনো লিখিত আইনি মতামত না নিয়েই একতরফাভাবে ঠিকাদারকে বারবার সময় বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। চুক্তির শর্ত (GCC) অনুযায়ী অনিবার্য দুর্ঘটনা ছাড়া বিলম্ব জরিমানা (Liquidated Damages) মওকুফের সুযোগ না থাকলেও তা মওকুফ করা হয়েছে। অন্যদিকে, দরপত্রে স্বামী-স্ত্রীর মালিকানাধীন দুই প্রতিষ্ঠান (প্যারাডাইস ও নেক্সজেন) অংশ নেওয়ায় এবং ম্যানুফাকচারিং অথোরাইজেশন লেটার একে অপরের সাথে শেয়ার করায় প্রকৃত কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না; ফলে বিপিপিএ-র স্বাধীন ‘রিভিউ প্যানেলেও’ কেউ অভিযোগ করেনি। সংশ্লিষ্টদের মতে, ফ্যাসিস্ট আমলের এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে সচিবের সরাসরি পৃষ্ঠপোষকতাই রাষ্ট্রীয় কোষাগারের এই অপচয়কে দীর্ঘায়িত করছে।

সংশ্লিষ্টদের বক্তব্য: উল্লিখিত অভিযোগ ও আর্থিক অনিয়মের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বক্তব্য জানতে সিএসবি নিউজ ইউএসএ-র পক্ষ থেকে মুঠোফোন, খুদে বার্তা ও দাপ্তরিকসহ বিভিন্ন মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তারা কোনোভাবেই এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি বা সাড়া দেননি। পরবর্তীতে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে এই প্রতিবেদনে যুক্ত করা হবে।

ট্যাগ: তথ্য সচিব মাহবুবা ফারজানাবিটিভি দুর্নীতিডিএসএনজি প্রকল্পপ্যারাডাইস ইঞ্জিনিয়ারিংবাংলাদেশ টেলিভিশনবাংলাদেশ স্যাটেলাইট-১পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালাঅর্থপাচারতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়অনুসন্ধানী প্রতিবেদনCSB News USABTV DSNG Scandal

প্রতিবেদক

Saifur Rahman

Bangladesh Correspondent

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।