ব্রেকিং
স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ডিসেম্বরেই চূড়ান্ত হবে কক্সবাজারের পর্যটন উন্নয়নের নতুন পরিকল্পনাইউএস-বাংলা এয়ারলাইন্স এর ঢাকা-জেদ্দা ফ্লাইট এর উড্ডয়ন বাতিলইউক্রেনে রুশ হামলায় ১০ জন নিহত, হাজারো ড্রোন নামানোর দাবি রাশিয়ারমুসলিমদের সঙ্গে কীরকম আচরণ করবে, তা নিয়ে পুলিশের জন্য বিশেষ নির্দেশনা, যুক্তরাজ্যে শুরু বিতর্কসিনেটে জয়ের পর বিদেশি কর্মী নিয়োগ নিয়ে কঠোর বার্তা দিলেন নেতা স্কট কলম

স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ডিসেম্বরেই চূড়ান্ত হবে কক্সবাজারের পর্যটন উন্নয়নের নতুন পরিকল্পনা

কক্সবাজারের পর্যটন খাতে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন পরিকল্পনায় থাকছে উপকূলের উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং সেন্টমার্টিন ও সোনাদিয়ায় নতুন স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়নে নতুন পরিকল্পনা তৈরি করছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই জেলার পর্যটন ও সামগ্রিক উন্নয়নের জন্য ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করে জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনায় কক্সবাজারের পাশাপাশি আশপাশের উপকূলীয় এলাকার পর্যটন, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সচিবালয়ে কক্সবাজারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কক্সবাজারের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে এই পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারাও কারিগরি সহায়তা দিচ্ছেন। সভায় আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।

নতুন পরিকল্পনায় শুধু কক্সবাজার শহর নয়, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব এলাকায় পরিবেশের ক্ষতি না করে কীভাবে পর্যটন খাতের উন্নয়ন করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। সরকারের লক্ষ্য, পর্যটকদের জন্য নতুন সুযোগ তৈরির পাশাপাশি উপকূলের প্রাকৃতিক পরিবেশও রক্ষা করা।

পরিবেশ সংরক্ষণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগে যথাযথ জরিপ ছাড়াই কিছু এলাকাকে পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এসব এলাকার তথ্য-উপাত্ত নতুন করে যাচাই করার সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ মন্ত্রণালয় প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করবে। পরে সেই প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর সীমানা নতুন করে নির্ধারণের কাজ করা হবে।

এ ছাড়া সমুদ্রসৈকত থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা নিয়ে আগের যে সরকারি প্রজ্ঞাপন ছিল, সেটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন মাস্টারপ্ল্যানে পর্যটন, পরিবেশ ও অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো একসঙ্গে বিবেচনা করা হবে। পরিকল্পনাটি অনুমোদনের পর এর নির্দেশনা অনুযায়ী উন্নয়নকাজ পরিচালিত হবে।

তবে সেন্টমার্টিন ও সোনাদিয়া দ্বীপের ক্ষেত্রে পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দ্বীপ দুটিকে পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে পরিকল্পনায় রাখা হবে। সেখানে নতুন কোনো ভবন বা অবকাঠামো নির্মাণের অনুমতি দেওয়া হবে না। পরিবেশের ক্ষতি না করে কীভাবে সীমিত পরিসরে পরিবেশবান্ধব পর্যটনের সুযোগ তৈরি করা যায়, তা বিবেচনা করা হচ্ছে। আগে থেকে থাকা স্থাপনাগুলোর বিষয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

মহেশখালীর বড় বড় উন্নয়ন প্রকল্পের বিষয়টিও নতুন পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। সেখানে বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি টার্মিনালসহ বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামো তৈরি হচ্ছে। এসব প্রকল্পের সঙ্গে পর্যটন উন্নয়নের পরিকল্পনার সমন্বয় রাখতে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে কাজ করা হচ্ছে। এতে একই এলাকায় উন্নয়নকাজের মধ্যে যেন অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে কক্সবাজারে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বেশি পর্যটক আসবেন। এতে পর্যটন খাতের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসার সুযোগও বাড়তে পারে।

ট্যাগ: কক্সবাজারপর্যটন মহাপরিকল্পনাসালাহউদ্দিন আহমদসেন্টমার্টিন দ্বীপসোনাদিয়া দ্বীপবাংলাদেশের পর্যটন

প্রতিবেদক

Desk Report

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।