গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অভিযান, ১০ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ২
বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)-এর দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল শনিবার রাত ৯টা ৫০ মিনিটে বগুড়া সদর থানার জলেশ্বরীতলা বনমালী লেন এলাকায় মালেকা টাওয়ারের সামনে অভিযান চালায়।
এ সময় জাহিদুল বারী জাহিদ (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার লতিফপুর মধ্যপাড়া এলাকার মোজাহারুল ইসলামের ছেলে। তাঁর হেফাজত থেকে ৩ হাজার ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২৯ নভেম্বর) রাত ১টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে মো. শাকিল আহম্মেদ (৩৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি। তিনি গাবতলী উপজেলার বালিয়াদীঘি এলাকার জলিল আকন্দের ছেলে। তাঁর কাছ থেকে আরও ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
দুই দফার অভিযানে সর্বমোট ১০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারের উদ্দেশ্যে এসব ট্যাবলেট সংগ্রহ ও মজুত করা হয়েছিল।
এ ঘটনায় সরাসরি জড়িত অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা মাদকের উৎস, সরবরাহকারী এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।