নারীর নেতৃত্ব ও ক্ষমতায়নের আহ্বান: জাইমা রহমানের বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান বাংলাদেশের নারীদের নেতৃত্ব ও ক্ষমতায়ন নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। গতকালের এক আলোচনায় অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নারীরা ইতোমধ্যেই বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন, তবে এই বিশ্বাসকে এখন বাস্তব ও ধারাবাহিক কর্মে রূপান্তর করা জরুরি। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এসব কথা বলেন।
নারীর নেতৃত্ব ও ক্ষমতায়নের আহ্বান: জাইমা রহমানের বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা
তারেক রহমানের কন্যা জাইমা রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, গতকালের আয়োজনে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নতুন এক সম্ভাবনার সূচনা অনুভব করেছেন—যেখানে গ্রাম থেকে শহর, ভিন্ন মত ও প্রজন্মের নারীরা কেবল অন্তর্ভুক্ত নন, বরং দেশের আগামী পথনির্ধারণে আস্থাভাজন অংশীদার হিসেবে ভূমিকা রাখছেন।
পোস্টে তিনি জানান, ড. ফাহমিদা খাতুন, তামারা আবেদ হাসান ও রূপালী চৌধুরীর সঙ্গে একই মঞ্চে বক্তব্য রাখতে পারা তাঁর জন্য সম্মানের ছিল। পাশাপাশি বিভিন্ন খাত থেকে আগত সুমাইয়া আরজু মুহু, সৈয়দা আনান্ন্যা ফারিয়া, ড. হালিদা হানুম আখতার, তানজিনা, মনিকা চাকমা, আফরোজা মুক্তা ও মামুনুর রশিদ এফতিসহ বহু নারীর সঙ্গে মতবিনিময়কে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।
প্রশ্নোত্তর পর্বে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাদিয়ার একটি গভীর প্রশ্নের প্রশংসা করে জাইমা রহমান বলেন, সমাজে সঠিক প্রশ্ন তুলতে প্রস্তুত এমন মেধাবী নারীদের উপস্থিতি আশাব্যঞ্জক।
তিনি আয়োজক ও সঞ্চালক কাজী জেসিনকে ধন্যবাদ জানান এবং আলোচনায় অংশ নেওয়া আমীর খসরু মাহমুদ চৌধুরীর নীতিগত ভাবনার কথাও উল্লেখ করেন।
জাইমা রহমান তাঁর পোস্টে আরও বলেন, নারীর ক্ষমতায়ন বক্তৃতা বা নীতিমালায় সীমাবদ্ধ থাকলে চলবে না; এটি পরিবার, কর্মক্ষেত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়মিতভাবে প্রতিফলিত হতে হবে। একই সঙ্গে তিনি বলেন, এই পরিবর্তনের দায় শুধু নারীদের একার নয়—পুরুষ, নেতৃত্ব পর্যায়ের ব্যক্তি ও নীতিনির্ধারকদেরও সক্রিয় ভূমিকা নিতে হবে।